সংবাদমাধ্যম ইয়েমেন পোস্টের সাবেক সম্পাদক হাকিম আলমাসমারি দাবি করেছেন, হুথিদের অভিযানের সময় সৌদি সমর্থিত ইয়েমেনি কমান্ডারদের যুদ্ধক্ষেত্রে দেখা যায়নি। বিপরীতে হুথি কমান্ডাররা সাধারণ যোদ্ধাদের সঙ্গে সম্মুখভাগে অবস্থান করে নেতৃত্ব দিয়েছেন।
আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে আলমাসমারি বলেন, হুথিরা একটি ঐক্যবদ্ধ ফ্রন্ট হিসেবে কাজ করছে। অন্যদিকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার একাধিক নেতৃত্বের অধীনে পরিচালিত হওয়ায় তাদের বাহিনীর মধ্যে প্রয়োজনীয় সমন্বয় ও সহযোগিতার ঘাটতি রয়েছে।
তার ভাষ্য, সৌদি নেতৃত্বাধীন বাহিনী গুরুত্বপূর্ণ এলাকাগুলো রক্ষা করতে ব্যর্থ হওয়ার অন্যতম কারণ হলো কমান্ডারদের সম্মুখভাগে থেকে নেতৃত্ব না দেওয়া।
হুথি নেতাদের যুদ্ধক্ষেত্রে সরাসরি উপস্থিত থাকার কথা উল্লেখ করে আলমাসমারি বলেন, নেতারা যখন সাধারণ যোদ্ধাদের সঙ্গে থেকে লড়াই করেন, তখন তাদের মধ্যে লড়াইয়ের দৃঢ়তা তৈরি হয়। সৌদি সমর্থিত কমান্ডারদের ক্ষেত্রে এমন নেতৃত্ব দেখা যায়নি বলেও দাবি করেন তিনি।
এদিকে মোখা বন্দরনগরী হুথিদের নিয়ন্ত্রণে যাওয়ায় লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাব এল-মান্দেব প্রণালির ওপর তাদের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী হওয়ার দাবি করা হচ্ছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের ক্ষেত্রে এর প্রভাব পড়তে পারে।
সূত্র: আলজাজিরা
এস
