রাস্তায় নগ্ন হয়ে দাঁড়িয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। ঝুলে যাওয়া ভুড়ি ও ছোট আঙুলের ট্রাম্প চুপচাপ দাঁড়িয়ে আছেন রাস্তায়। এই দৃশ্য দেখে পথচারীদের অনেকেরই চোখ ছানাবড়া। কেউ কেউ মজা পেয়ে ছবিও তুলছেন। ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকার দলের প্রার্থী ট্রাম্পের আবার কি হলো! প্রকৃতপক্ষে এটি রক্তমাংসের ট্রাম্প নন, একদল শিল্পীর তৈরি মূর্তি।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের ইউনিয়ন স্কয়ার পার্ক ও আরো চারটি শহরে জনসম্মুখে একসঙ্গে ট্রাম্পের নগ্ন মূর্তি উন্মোচন করা হয়েছে। মজার বিষয় হলো মূর্তিটির কিছু অঙ্গ নেই। মূর্তিটিগুলো শিরোনাম হিসেবে লেখা ছিল ‌‘দ্য এম্পারার হ্যাজ নো বলস’।

অননুমোদিত এই মূর্তির কাজ দেখে অবাক হয়েছেন পথচারীরা। এমনই একজন ইনা কোপ (৫৮)। তিনি বলেছেন, এক বন্ধুর সাথে দেখা করতে যাওয়ার সময় ট্রাম্পের নগ্ন মূর্তি দেখতে পান, যা তিনি একেবারেই আশা করেননি।
নিউইয়র্কের পার্কের মূর্তিটি বৃহস্পতিবার বিকালে সরিয়ে নেয় পার্ক কর্তৃপক্ষ। পার্ক বিভাগের মুখপাত্র মাই ফার্গুসন বলেছেন, মূর্তিটি সরিয়ে নেয়া হয়েছে। কেননা, শহরের পার্কে অননুমোদিত কোনো স্থাপনা অবৈধ।

‘ইনডেক্লিন’ নামের এক গোষ্ঠী এই মূর্তি স্থাপনার কথা স্বীকার করেছে। এই গোষ্ঠীর মধ্যে শিল্পী, সংগীতশিল্পী ও চলচ্চিত্র নির্মাতারা রয়েছেন। এক ইমেইল বার্তায় বলা হয়েছে, ট্রাম্পের নগ্ন মূর্তি নিউইয়র্ক ছাড়াও সান ফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলস, সিয়াটল ও ক্লিভেল্যান্ডে স্থাপন করা হয়েছে। এই বিষয়ে ট্রাম্পের মুখপাত্রের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এসএ