পশ্চিমবঙ্গের দৈনিক স্টেটসম্যানের ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। গতকাল শনিবার রাত ৯টা ৫০ মিনিটে কলকাতার ধর্মতলা চত্বরে থাকা দৈনিক স্টেটসম্যান হাউসের চতুর্থ তলায় আগুন লাগে। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ এনেছে ফায়ার সার্ভিস।
স্টেটসম্যান ভবনের চতুর্থ তলায় পত্রিকাটির অপারেশন রুম। রাতে পত্রিকার কাজ পুরোদমে চলাকালে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি দল ঘটনাস্থলে পৌঁছে।
ঘটনার পরপরই কলকাতার বউবাজার থানার পুলিশ স্টেটসম্যান ভবন ঘিরে ফেলে। অগ্নিকাণ্ডের সময় ভবনের মধ্যে অনেক সংবাদকর্মী আটকে পড়েন। তাঁদের উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এ সময় ভবনের কাচ ভেঙে ধোঁয়া বের করে দেওয়া হয়।
ফায়ার সার্ভিসের কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে পশ্চিমবঙ্গের দমকলমন্ত্রী ও কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় ঘটনাস্থলে যান।
আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। দমকল বাহিনী প্রাথমিক ধারণা করছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।
প্রায় ১৩০ বছরের পুরোনো এই ভবন কলকাতা নগর কর্তৃপক্ষের ঘোষিত ঐতিহ্যের অন্তর্ভুক্ত। এর আগে ২০০৬ সালের ভয়াবহ অগ্নিকাণ্ডে ভবনটি ক্ষতিগ্রস্ত হয়।
জেড





