আফগান সেনার গুলিতে এক মার্কিন জেনারেল নিহত হয়েছেন। এসময় হামলাকারী ওই আফগান সেনাও গুলিতে নিহত হয়েছেন।
মঙ্গলবার ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের রাজধানী কুবুলে যুক্তরাজ্য পরিচালিত একটি সামরিক প্রশিক্ষণ একাডেমিতে। একাডেমিটি কাবুল এএনএ অফিসার একাডেমি নামেও পরিচিত। এঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১৫ জন। এদের মধ্যে দুইজন ব্রিটিশ ও কয়েকজন মার্কিন সেনা রয়েছেন।
নিহত মার্কিন জেনারেলের নাম হ্যারল্ড গ্রিন। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, ভিয়েতনাম যুদ্ধের পর এই প্রথম মার্কিন সেনাবাহিনীর মেজর জেনারেল পর্যায়ের এক সেনা কর্মকর্তা নিহত হলেন।
বিবিসি'র খবরে বলা হয়, মঙ্গলবার সকালে বা দুপুরের খাবারের সময় কোনো একটি বিষয়ে মতবিরোধের জের ধরে এই হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। হামলাকারী ওই আফগান সেনাকে তিন বছর আগে নিয়োগ দেওয়া হয়েছিল।
একটি তল্লাশি চৌকিতে জ্যেষ্ঠ আফগান ও সম্মিলিত জোটের সেনাদের লক্ষ্য করে গুলি চালায় ওই আফগান সেনা। যুক্তরাষ্ট্রের সরবরাহ করা এম-১৬ বন্দুকের গুলি শেষ না হওয়া পর্যন্ত ওই সেনা গুলি চালায়। এ সময় হতাহতের ঘটনা ঘটে।
এই হামলাকে ‘আভ্যন্তরীণ হামলা’ উল্লেখ করে মারাত্মক হুমকি হিসেবে অবিহিত করেছে পেন্টাগন। তবে এই হামলাকে বিচ্ছিন্ন ঘটনা উল্লেখ করে এই হামলার কারণে আফগান সেনাবাহিনীর সঙ্গে দেশটিতে মোতায়েন জোট সেনাদের বিশ্বাসে ভাঙন ধরবে না বলে জোরালোভাবে জানিয়েছে পেন্টাগন। সূত্র: বিবিসি।
ঢাকা, ৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই





