ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেনের মৃত্যুতে তাঁকে সমবেদনা জানিয়ে একটি হৃদয়স্পর্শী চিঠি লিখে পাঠান দ্বিতীয় শ্রেণির এক ছাত্র। এ চিঠি পেয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন মোদি, যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
বেঙ্গালুরুর আরুশ শ্রীবৎস নামের ওই ছাত্রের লেখা চিঠি এবং তাঁকে প্রতিক্রিয়া জানিয়ে লেখা মোদির বার্তাটি বুধবার (১৫ ফেব্রুয়ারি) টুইটারে প্রকাশ করেছেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেত্রী খুশবু সুন্দর। বিজেপি নেত্রী ক্যাপশনে লেখেন, ‘এটাই একজন সত্যিকারের রাষ্ট্রনায়কের গুণ! মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি দ্বিতীয় শ্রেণির ছাত্রের শোকপত্রের জবাব দিয়েছেন। এটি ওই শিশুর জীবনকে সঠিক পথে চালিত করবে।’
গত বছরের ৩০ ডিসেম্বর ৯৯ বছর বয়সে নরেন্দ্র মোদির মা মারা যান। ওই দিনই প্রধানমন্ত্রীকে চিঠি লিখে আন্তরিক সমবেদনা গ্রহণ করতে অনুরোধ জানান ছাত্র আরুশ শ্রীবৎস। সে উল্লেখ করে, ‘টিভিতে দেখে আমি খুবই দুঃখ পেয়েছি যে, আপনার প্রিয় মা শ্রীমতি হীরাবেন আজ ১০০ বছর বয়সে মারা গেছেন। অনুগ্রহ করে আমার আন্তরিক সমবেদনা গ্রহণ করুন। আমি তার আত্মার শান্তির জন্য সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করি।’
গত ২৫ জানুয়ারি চিঠির জবাবে প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘আমার মায়ের মৃত্যুতে তোমার আন্তরিক সমবেদনার জন্য কৃতজ্ঞতা। মায়ের মৃত্যু এক অপূরণীয় ক্ষতি এবং এর বেদনা ভাষায় প্রকাশ করা যায় না। আমাকে তোমার চিন্তা ও প্রার্থনায় রাখার জন্য ধন্যবাদ। এটি আমাকে এই শোক সহ্য করতে শক্তি ও সাহস জোগাবে। আবারও তোমার আন্তরিক সমবেদনার জন্য ধন্যবাদ জানাই।’
বিজেপি নেত্রী খুশবু সুন্দরের ওই পোস্ট ১০ লাখের বেশি দেখা হয়েছে এবং ১৭ হাজার ৫০০ লাইক দেওয়া হয়েছে। পোস্টটির মন্তব্যঘরে ছাত্রের প্রতি প্রধানমন্ত্রী মোদির প্রতিক্রিয়ার প্রশংসা করেছেন ইন্টারনেট ব্যবহারকারীরা। সূত্র : এনডিটিভি।
এবিএস





