নিজের পরমাণু কর্মসূচি নিয়ে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে নতুন করে বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনা শুরু করেছে ইরান। জাতিসংঘের পাঁচ স্থায়ী সদস্য- রাশিয়া, চীন, ফ্রান্স, ব্রিটেন ও আমেরিকা এবং জার্মানিকে নিয়ে গঠিত ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে বৃহস্পতিবার বিকেলে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এ আলোচনা শুরু হয়।
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী ও সিনিয়র পরমাণু আলোচক আব্বাস আরাকচি জানিয়েছেন, তার দেশের পরমাণু কর্মসূচির যেসব কারিগরি দিক নিয়ে পাশ্চাত্যে উদ্বেগ রয়েছে তার সবগুলো দিক নিয়ে এ বৈঠকে আলোচনা করা হবে। মধ্য ইরানের আরাক ভারী পানির প্রকল্পের কথা উল্লেখ করে আরাকচি বলেন, ওই পরমাণু স্থাপনাটির কারিগরি দিকগুলো নিয়েও ভিয়েনা বৈঠকে আলোচনা করা হবে।
ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমাদের সৃষ্ট সংকট সমাধানের লক্ষ্যে গত বছরের ২৪ নভেম্বর জেনেভোয় দু’পক্ষ একটি অন্তর্বর্তী চুক্তি সই করেছে। ছয় মাসব্যাপী চুক্তিটি গত ২০ জানুয়ারি থেকে বাস্তবায়ন শুরু হয়েছে। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আরাকচি বলেছেন, জেনেভা চুক্তিকে স্থায়ী রূপ দেয়ার প্রচেষ্টার অংশ হিসেবে ভিয়েনায় বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনা শুরু হয়েছে।সূত্র:আইআরআইবি
[b]ঢাকা, ০৪ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ[/b]