ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে দেশটিতে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ফিরিয়ে আনার পক্ষে যুক্তি দিয়েছেন। চলমান মাদক বিরোধী লড়াইয়ের অংশ হিসেবে তিনি এটা চাইছেন।
গত সোমবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দুতের্তে সাংবাদিকদের বলেন, ‘‘পূর্বের প্রেসিডেন্টরা ক্যাথলিক চার্চ এবং অন্যান্য ‘রক্তাক্ত হৃদয়ের’ চাপের কাছে নতি স্বীকার করেছিলেন, যারা যুক্তি দিয়েছিল ‘শুধুমাত্র ঈশ্বরই জীবন নিতে পারে’। এর সমস্যা হলো, আমি আপনাদের জিজ্ঞাসা করি, ‘‘যদি ঈশ্বর না থাকে, তাহলে কি?’’ তিনি প্রশ্ন করেন, ‘যখন একটি এক বছর এবং ১৮ মাস বয়সী শিশুকে মায়ের কোল থেকে নিয়ে যাওয়া হয়, একটি জিপ গাড়ির নীচে নিয়ে ধর্ষণ ও খুন করা হয়, তখন ঈশ্বর কোথায় থাকেন?’
ফিলিপিনো ও ইংরেজি ভাষা মিলিয়ে দুতের্তে বলেন, ‘ফিলিপাইনে মানুষজনের আর আইনে বিশ্বাস নেই। কারণ, সেখানে কোনো ভীতি নেই। এই কারণে আমি বলি, আমাকে মৃত্যুদণ্ড ফিরিয়ে দিন।’ তিনি ব্যক্তিগতভাবে ঈশ্বরে বিশ্বাস করেন এই কথা স্বীকার করে ফিলিপিনো নেতা বলেন, তিনি যখন তার চারপাশে ‘‘মর্মবেদনা, দুঃখ ও যন্ত্রণা’’ দেখেন, তখন উচ্চতর সত্তার অস্তিত্বটি তার কাছে একটি ‘‘অন্তহীন জিজ্ঞাসা’’।
চলতি বছরের জুন মাসের শেষ দিকে দুতের্তে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। এরপর মাদক পাচারকারী ও ব্যবহারকারীদের বিরুদ্ধে তার লড়াইয়ের অংশ হিসেবে ফিলিপাইনের এখন অবধি সাড়ে তিন হাজার মানুষকে হত্যা করা হয়েছে। সূত্র -আল জাজিরা/ইত্তেফাক/এমএএস
এসএ





