দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ)-এ প্রকাশিত এক বিবৃতিতে কিম ইয়ো জং বলেন, পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে উত্তর কোরিয়ার অবস্থান অপরিবর্তনীয় ও চূড়ান্ত। কোনো পরিস্থিতিতেই তা পরিবর্তন করা সম্ভব নয়।
কিম জং উনের বোন দাবি করেন, উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রভাণ্ডার দেশের মৌলিক জাতীয় স্বার্থের অংশ এবং বৈরী শক্তির হুমকির বিরুদ্ধে আত্মরক্ষার কার্যকর প্রতিরোধক। এ অবস্থান দুর্বল করার যেকোনো প্রচেষ্টা বিপর্যয় ডেকে আনবে বলেও সতর্ক করেন তিনি।
ফ্রান্সের এভিয়ান শহরে এবারের জি–৭ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে সদস্য রাষ্ট্রগুলোর নেতারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী উত্তর কোরিয়ার সম্পূর্ণ পরমাণু নিরস্ত্রীকরণ-এর প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন।
পিয়ংইয়ংয়ের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন শিল্পোন্নত দেশগুলোর সদস্যরা। এর পাশাপাশি জি-৭ সম্মেলন থেকে উত্তর কোরিয়ার সাইবার অপরাধ ও ক্রিপ্টোকারেন্সি চুরির বিরুদ্ধে সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি দেওয়া হয়।
কিম ইয়ো জং এসব আহ্বানকে পুরোনো ও বাস্তবতাবিবর্জিত বলে উড়িয়ে দেন। তিনি বলেন, আন্তর্জাতিক চাপ উত্তর কোরিয়ার পারমাণবিক নীতিতে কোনো পরিবর্তন আনতে পারবে না।
এমএম