চাঁদা না পেয়ে দক্ষিণ আফ্রিকায় আবরার হোসেন পাপ্পু (৫০) নামে এক বাংলাদেশিসহ তিনজনকে গুলি করে হত্যা করেছে সে দেশের সন্ত্রাসীরা। নিহত অন্য দু’জনের মধ্যে একজন আবরার হোসেন পাপ্পুর দেহরক্ষী ও অপরজন পথচারী।

সোমবার (২০ জুন) দিনগত রাতে লুসিকিসিকি শহরে পাপ্পু’র নিজ পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটে।

নিহত আবরার হোসেন পাপ্পু নোয়াখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড সোনাপুর গ্রামের সেকান্দর আহমদের ছেলে।

নিহতের মামাতো ভাই দেলোয়ার হোসেন জানান, ২৫ বছর ধরে দক্ষিণ আফ্রিকার লুসিকিসিকি শহরের নিজের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলেন পাপ্পু। সর্বশেষ গত কোরবানি ঈদে দেশে আসেন তিনি। আফ্রিকায় বিভিন্ন সময় ওই সন্ত্রাসীরা তার কাছে চাঁদা দাবি করতেন।

সোমবার রাতে নিজ প্রতিষ্ঠান পেট্রোল পাম্পে কাজ করছিলেন পাপ্পু। এসময় কয়েকজন সন্ত্রাসী পাম্পে এসে পাপ্পুকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোড়ে। এসময় তার মাথায় ও বুকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনি তার দেহরক্ষী ও এক পথচারী মারা যায়।

মঙ্গলবার সকালে দক্ষিণ আফ্রিকা থেকে পাপ্পুর বন্ধু মোসলেহ উদ্দিন ফোন করে তার নোয়াখালীর বাড়িতে মৃত্যুর খবর পৌঁছায়। এ খবর শোনার পর ওই বাড়িতে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

গত বছর একই প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয় আবরার হোসেন পাপ্পুর ছোট ভাই টিপু।

ওএফ