মার্কিন সরকার শেষ পর্যন্ত আফগান তালেবানকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে উল্লেখ করতে অস্বীকৃতি জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্টের আবাসিক প্রাসাদ হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জোশ আর্নেস্ট বলেছেন, তালেবানের তৎপরতায় সন্ত্রাসীদের সঙ্গে মিল থাকলেও আফগান তালেবান ‘সন্ত্রাসী’ গোষ্ঠী নয়।

আর্নেস্ট বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, “তারা যে কৌশল অবলম্বন করে তার সঙ্গে সন্ত্রাসবাদের মিল রয়েছে। তারা তাদের লক্ষ্য বাস্তবায়নের জন্য এ কাজ করে।”

তালেবানকে হোয়াইট হাউজের পক্ষ থেকে সন্ত্রাসী গোষ্ঠী উল্লেখ না করার কারণ ব্যাখ্যা করতে গিয়ে আর্নেস্ট বলেন, “বিশ্বব্যাপী মার্কিন জনগণ ও মার্কিন স্বার্থে আল-কায়েদার মতো সন্ত্রাসী গোষ্ঠী যেভাবে সহিংসতা ও সন্ত্রাসী হামলা চালায় তার সঙ্গে তালেবানের মিল নেই।”

মার্কিন সরকার এমন সময় আফগান তালেবানকে সন্ত্রাসী বলতে অস্বীকৃতি জানালো যখন ২০১৪ সালের জুন মাসে হোয়াইট হাউজ এ গোষ্ঠীকে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তালিকায় অন্তর্ভূক্ত করে।

এ ছাড়া, ২০০১ সালে ‘জঙ্গী’ তালেবানকে উৎখাতের লক্ষ্যে আফগানিস্তানে ভয়াবহ হামলা চালায় আমেরিকা। গত ১৪ বছরে আফগানিস্তানে এই তালেবান বিরোধী লড়াইয়ে হাজার হাজার মানুষ নিহত হয়েছে।

গত ৩১ জানুয়ারি আফগানিস্তানে তালেবান বিরোধী লড়াই আনুষ্ঠানিকভাবে শেষ হলেও এখনো ১৩,৫০০ সেনা মোতায়েন রেখেছে ওয়াশিংটন।

এসএইচ