প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের আল-মুবারক আল-হামাদ আল-সাবাহ তিন দিনের সরকারী সফরে ঢাকায় আসবেন।
আগামীকাল (৩ মে ২০১৬) দুপুরের পর কুয়েতের প্রধানমন্ত্রী ঢাকায় এসে পৌছাবেন বলে পররাষ্ট্র মন্ত্রনালয় থেকে পাঠানো এক প্রেস বার্তায় জানানো হয়।
কুয়েতের প্রধানমন্ত্রী তার সফরকালে রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাত করবেন। এছাড়া দু’দেশের প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন।
পরবর্তীতে কুয়েতের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী কর্তৃক আয়োজিত নৈশভোজে যোগদান করবেন।
এ সফরে কুয়েত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, জনশক্তি ও প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণসহ দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দু’দেশের প্রধানমন্ত্রী মত বিনিময় করবেন বলে আশা করা যাচ্ছে।
দু’দেশের প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে কুয়েতের সাথে বিনিয়োগ বৃদ্ধি ও সুরক্ষা, সামরিক সহযোগিতা এবং কুটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা সহজিকরণ সংক্রান্ত তিনটি চুক্তি স্বাক্ষরিত হবে।
কুয়েতের প্রধানমন্ত্রীর অন্যান্য কর্মসূচীর মধ্যে রয়েছে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতি সৌধে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, ধানমন্ডিস্থ ৩২ নম্ব^র সড়কে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন এবং মহান জাতীয় সংসদের চলতি অধিবেশনের কার্যক্রম পরিদর্শন।
কুয়েতের প্রথম উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহ, অর্থ ও তেল মন্ত্রী আনাস খালেদ আল-সাবাহ, শিক্ষা মন্ত্রী ডঃ বদর হামাদ আল-ইসা সহ বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ কুয়েতের প্রধানমন্ত্রীর প্রতিনিধিদলে অন্তর্ভূক্ত থাকবেন।
তাছাড়া কুয়েত চেম্বার অব কমার্স এন্ড ইন্ডষ্ট্রিজ-এর উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি ব্যবসায়ী প্রতিনিধিদলও এ সফরে কুয়েতের প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশ সফর করবেন। কুয়েতের ব্যবসায়ী প্রতিনিধিরা এফবিসিসিআই-এর নের্তৃবৃন্দের সাথে মত বিনিময় করবেন।
বাংলাদেশে তিন দিনের সরকারী সফর শেষে কুয়েতের প্রধানমন্ত্রী আগামী ৫ মে ২০১৬ অপরাহ্নে ঢাকা ত্যাগ করবেন।
কেবি
আন্তর্জাতিক
কুয়েতের প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা সফরে তিন চুক্তি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের আল-মুবারক আল-হামাদ আল-সাবাহ তিন দিনের সরকারী সফরে ঢাকায় আসবেন।





