চীনে গত চার দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী টাইফুনের আঘাতে ৮ জন নিহত ও ৯৯ জন আহত হয়েছেন। রাম্মাসুন নামের এই টাইফুন শুক্রবার ঘণ্টায় ২১৬ কিলোমিটার বেগে দক্ষিণাঞ্চলীয় হাইনান প্রদেশে আঘাত হেনে। শনিবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল জাজিরা।

টাইফুনটি ভিয়েতনামের উত্তর উপকূল দিয়ে চীনের দক্ষিণাঞ্চলীয় হাইনান দ্বীপে আঘাত হানে। এরপর তা উপকূল বেয়ে চীনের মূল ভূখন্ডে আঘাত হানে। মূল ভূখন্ড গুয়াংজিতে টাইফুনের আঘাতে তিনজন নিহত হন।

টাইফুনটি গত ৪১ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী বলে জানিয়েছে সিনহুয়া। টাইফুনের আঘাতে বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন হয়ে যায়। এ ছাড়া অনেক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে।

দক্ষিণ চীনে সর্বোচ্চ দুর্যোগ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। ওই অঞ্চলে শত শত বাস, ট্রেন ও বিমানের শিডিউল বাতিল করা হয়েছে। এর আগে ফিলিপাইনে এই টাইফুনের আঘাতে ৭৭ জন নিহত হন। সূত্র: আল জাজিরা

ঢাকা, ১৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) এমএ