উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার অভিযোগ প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। পিয়ংইয়ংয়ের এমন অভিযোগ অযৌক্তিক বলে মন্তব্য করেছে দেশটি।

পাশাপাশি মার্কিন বিমান ভূপাতিত করার ব্যাপারেও উত্তর কোরিয়াকে সতর্ক করা হয়েছে। সোমবার হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ হাকাবি স্যান্ডার্স এসব কথা বলেছেন। এ খবর দিয়েছে বিবিসি।

সারাহ বলেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেনি যুক্তরাষ্ট্র। তাদের এ ধরনের অভিযোগ অযৌক্তিক। এ বিষয়ে জাতিসংঘের একজন মুখপাত্র বলেছেন, দুই দেশের উস্‌কানিমূলক বার্তা থেকে মারাত্মক ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে।

এ ছাড়া উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনার ব্যাপারে সতর্ক করেছে দক্ষিণ কোরিয়া। দেশটি বলেছে, যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া যেভাবে পরস্পরকে দোষারোপ করছে, তাতে এ অঞ্চলে যে কোনো মুহূর্তে সংঘাত বেঁধে যেতে পারে। যা নিয়ন্ত্রণ করা কারো পক্ষেই সম্ভব হবে না।

এদিকে, সোমবার উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হো বলেছেন, গোটা বিশ্বকে এটা মনে রাখতে হবে যে, যুক্তরাষ্ট্র প্রথমে আমাদের দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তার এ মন্তব্যের পাল্টা জবাব দেন ডনাল্ড ট্রাম্প।

টুইটারে ট্রাম্প বলেন, উত্তর কোরিয়ার নেতারা যদি উস্‌কানিমূলক কথাবার্তা চালিয়ে যায়, তাহলে দেশটি আর বেশি দিন থাকবে না। শক্তি প্রদর্শনের জন্য যুক্তরাষ্ট্র কয়েকদিন আগে উত্তর কোরিয়া উপকূলে যুদ্ধ বিমান উড়িয়েছে।

এ বিষয়ে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং বলেছেন, যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করার অধিকার উত্তর কোরিয়ার রয়েছে। তিনি বলেন, আমরা আশাবাদী যে, কথার যুদ্ধ সত্যিকারের যুদ্ধে পরিণত হবে না।