ভারতের একটি-দুটি করে রাজ্যে গরু জবাই নিষিদ্ধ হওয়ার পর এবার পুরো দেশেই তা কার্যকর হতে পারে বলে মনে করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এতে অনেকে কর্মহীন হয়ে পড়বে।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং রবিবার মধ্যপ্রদেশে ধর্মীয় নেতাদের সঙ্গে এক আলোচনা সভায় বলেছেন, সারাদেশে গরু জবাই বন্ধ করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে। যদি তার কথা সত্য হয়, তাহলে এর মাধ্যমে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা করা হবে বলে মনে করা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই দেশে গরু জবাই করতে দেওয়া হবে না। এটি নিষিদ্ধ করতে আমরা আমাদের সব ধরনের প্রচেষ্টা কাজে লাগাব। আমরা এ ব্যাপারে সংখ্যাগরিষ্ঠের মত নেওয়ার চেষ্টা করব।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত বছর নির্বাচনী অভিযানে গরুর মাংস রফতানি বাড়ানোয় কংগ্রেস সরকারের ব্যাপক সমালোচনা করেন। এমনকি ২০১১ সালে মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় গুজরাটে গরু জবাই নিষিদ্ধ করেন তিনি।

প্রসঙ্গত, ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গরুর মাংস রফতানিকারক দেশ এবং বিশ্বের পঞ্চম ভোক্তা দেশ। সূত্র: এনডিটিভি।

জেআই