সিরিয়ায় বোমা হামলায় দেশটির অন্যতম প্রভাবশালী সশস্ত্র ইসলামি সংগঠন আহরার আল-শামের প্রধানসহ বেশ কয়েকজন শীর্ষ নেতা নিহত হয়েছেন।

মঙ্গলবার সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের রাম হামদান শহরে এ বিস্ফোরণে শীর্ষ নেতা হাসান আবুদসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন বলে আহরার আল-শামের এক বিবৃতিতে বলা হয়েছে।

এদিকে সিরিয়ার চলমান গৃহযুদ্ধ পর্যবেক্ষণকারী একটি সংস্থা বলেছে, ওই হামলায় সশস্ত্র গোষ্ঠীটির অন্তত ২৮ জন কমান্ডার নিহত হয়েছেন।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকার উৎখাতে সশস্ত্র সংগ্রামে লিপ্ত দেশটির সাতটি ইসলামি বিদ্রোহী গোষ্ঠীর জোট ইসলামিক ফ্রন্টের সদস্য আহরার আল-শাম।

ইরাক ও সিরিয়াজুড়ে বিস্তীর্ণ এলাকা দখলে নিয়ে খিলাফত ঘোষণাকারী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধেও লড়াই করে আসছে কট্টরপন্থী এই গোষ্ঠী। তাদের প্রতি উপসাগরীয় দেশগুলোর পৃষ্ঠপোষকতা রয়েছে বলেও বলা হয়ে থাকে।

ঢাকা, ১০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই