শুক্রবার (১০ অক্টোবর) আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলার পর সাপ্তাহিক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ কথা জানান। তবে কাবুলে হামলা বিষয়ে কোনো মন্তব্য করেনি পররাষ্ট্র মন্ত্রণালয়।

শফকাত আলি খান বলেন, পাকিস্তান তার জনগণের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিতের অটল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে। আমাদের নিরাপত্তা বাহিনী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো সীমান্ত এলাকায় লক্ষ্যভিত্তিক অভিযান চালাচ্ছে, যেন নাগরিকদের সন্ত্রাসী হুমকি থেকে সুরক্ষা দেওয়া যায়, বিশেষ করে ফিতনা আল-খোয়ারিজ বা টিটিপি’র মতো গোষ্ঠীর হুমকি থেকে।

তিনি আরও বলেন, এসব অভিযান বিশ্বাসযোগ্য ও কার্যকর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিকল্পিত এবং যথাযথভাবে সম্পন্ন করা হচ্ছে।

মুখপাত্র বলেন, পাকিস্তান আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল এবং সন্ত্রাসবিরোধী চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিবেশী দেশের সঙ্গে সংলাপ ও সহযোগিতা জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও যোগ করেন, আমরা বিশ্বাস করি, আফগানিস্তান তার সার্বভৌমত্ব ও নিরাপত্তা পুনরুদ্ধারে সক্ষম হওয়া উচিত এবং টিটিপি’র মতো সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।

শফকাত আলি বলেন, এই বিষয়ের গুরুত্ব আমরা বারবার তুলে ধরেছি। প্রধানমন্ত্রী থেকে শুরু করে শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা পর্যন্ত আমাদের অবস্থান স্পষ্টভাবে জানিয়েছেন।

অস্থায়ী আফগান পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আফগানিস্তানের অন্য কোনো দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক তাদের নিজস্ব বিষয়। আফগানিস্তান একটি স্বাধীন ও সার্বভৌম দেশ—এ নিয়ে পাকিস্তানের কোনো মন্তব্য করার প্রয়োজন নেই।

তথ্যসূত্র: জিও নিউজ

এনএইচ