যুক্তরাজ্যের প্রয়াত প্রিন্সেস ডায়ানার জন্য নকশা করা ও তাঁর ব্যবহৃত চারটি পোশাক যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিলামে উঠতে যাচ্ছে।
নিলামকারী প্রতিষ্ঠান জুলিয়েনস অকশনস এগুলো নিলামে তুলবে বলে জানিয়েছে। বেভারলি হিলসে এই নিলাম ডাক হবে।
বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, এ চারটি পোশাকের মধ্যে তিনটিই প্রস্তুত করেছেন যুক্তরাজ্যের ক্যাথরিন ওয়াকার। তিনি ছিলেন প্রিন্সেস ডায়ানার প্রিয় নকশাকার ও ব্যক্তিগত ঘনিষ্ঠ বন্ধু। আশা করা হচ্ছে, তিনটি পোশাকের প্রতিটি পোশাক ৬০ হাজার থেকে ৮০ হাজার ডলারে বিক্রি হবে।
আরেকটি সান্ধ্যকালীন গাউনের নকশা করেছেন জান্দ্রা রোডেস। ধারণা করা হচ্ছে, এ পোশাকটি ৮০ থেকে এক লাখ ডলারে বিক্রি হবে।
৫ ও ৬ ডিসেম্বর নিলামকারী প্রতিষ্ঠান ডায়ানার পোশাকের সঙ্গে তাঁর ব্যবহৃত আনুষঙ্গিক জিনিসও নিলামে তুলবে।
ঢাকা, ২৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





