শ্রীলঙ্কার রাজধানী কলম্বো ও তার আশেপাশে গির্জা এবং হোটেলে যারা ভয়াবহ সিরিজ বোমা হামলা চালিয়েছে তারা সবাই শ্রীলঙ্কান বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে।
তিনি বলেন, এখন পর্যন্ত ৮ সন্দেভাজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের যে পরিচয় পাওয়া গেছে তাতে তাঁরা শ্রীলঙ্কার নাগরিক বলে জানা যাচ্ছে।
তবে তিনি বলেন, তাদের সঙ্গে বিদেশের কারও যোগাযোগ রয়েছে কি না, সে বিষয়টি যাচাই করে দেখা হচ্ছে।
উল্লেখ্য, শ্রীলঙ্কার রাজধানী কলম্বোসহ বিভিন্ন শহরের কয়েকটি গির্জা ও পাঁচ তারকা হোটেলে দফায় দফায় বোমা হামলার ঘটনায় ৩৫ বিদেশি পর্যটকসহ অন্তত ২০৭ জন নিহত ও আরও কমপক্ষে ৪৫০ জন আহত হয়েছেন।
রোববার (২১ এপ্রিল) সকালে ইস্টার সানডে উদযাপনের সময় এই সিরিজ বোমা হামলার ঘটনা ঘটে।
স্থানীয় গণমাধ্যম বলছে, এখন পর্যন্ত কোনো গোষ্ঠী কিংবা ব্যক্তি রোববারের এই হামলার দায় স্বীকার করেনি। তবে হামলার পেছনে আত্মঘাতী বোমারুরা জড়িত থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
ভয়াবহ এই হামলার পরিপ্রেক্ষিতে রোববার (২১ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে সোমবার (২২ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। এছাড়া, আগামীকাল ২২ এপ্রিল ও পরশু ২৩ এপ্রিল সরকারি ছুটি ঘোষণা এবং দেশটির সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
দেশটির প্রেসিডেন্টের সেক্রেটারির দপ্তর থেকে এই ঘোষণা দেয়া হয়েছে।
এমবি





