জাপানে সত্তরোর্ধ্ব বৃদ্ধরা ‘নেক্সট জেনারেশন পার্টি’নামে নতুন একটি রাজনৈতিক দল গঠন করেছেন। আগামী প্রজন্মকে নেতৃত্ব দেয়ার লক্ষ্যে নতুন এ পার্টি গঠন করা হয়েছে।

অশীতিপর রাজনীতিবিদ শিনতারো ইশিহারা ও তার অনুগত সত্তরোর্ধ্ব বৃদ্ধরা মিলে গড়ে তুলেছেন নতুন এ পার্টি। ইশিহারার বয়স ৮১ বছর। এর আগে জাপান রেস্টোরেশন পার্টির যৌথ নেতৃত্বে ছিলেন। তবে সহযোগী অপর নেতার সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় তিনি দল ছেড়ে দিয়ে নতুন পার্টি গঠন করলেন।

নতুন এ দলে প্রায় ২০ জনের মত আইনপ্রণেতা রয়েছেন। এর মধ্যে তাকাও হিরানুমা (৭৪), হিরোয়ুকি সনোদা (৭২) ও নারিয়াকি নাকায়েমা (৭১) এবং কুস্তিগির ও পরবর্তীতে রাজনীতিবিদ অ্যান্টোনিও ইনোকি (৭১) অন্যতম।

নতুন দলের নাম প্রকাশের লক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে ইশিহারা বলেন, ‘তরুণরা এখন যে পরিস্থিতির সম্মুখীন হচ্ছে তা আমাদের অর্জিত অভিজ্ঞতা থেকে ভিন্ন।’তিনি বলেন, ‘আগামী প্রজন্মের লোকজনকে পথ দেখানো আমাদের দায়িত্ব। ইশাহারা এর আগে চারবার টোকিও’র গভর্নর ছিলেন। তার পরিকল্পনা ছিল জাপান শাসিত সেনকাকু দ্বীপপুঞ্জ কেনা। এই দ্বীপপুঞ্জ নিয়ে চীনের সঙ্গে জাপানের বিরোধ রয়েছে। চীনে এই দ্বীপপুঞ্জ বিয়ায়ু নামে পরিচিত। সূত্র: বিএসএস

ঢাকা, ২৬ জুন (টাইমনিউজবিডি.কম) //এমএ