লং মার্চ নিয়ে ঐক্যবদ্ধ অবস্থান নিয়েছে পাকিস্তান তেহরিকে ইনসাফ বা পিটিআই এবং ড. তাহিরুল কাদরির নেতৃত্বাধীন পাকিস্তান আওয়ামী তেহরিক বা পিএটি। দল দু টি সরকারের সঙ্গে আলোচনা স্থগিত করেছে।

ইমরান খান বলেছেন, রেড জোনের আন্দোলনকে ঠেকানোর চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। ইমরানের এ ঘোষণার পরপরই তাহিরুল কাদরিও আন্দোলন ঠেকানোর বিষয়ে সরকারের প্রচেষ্টার তীব্র সমালোচনা করেছেন। ইমরান অভিযোগ করেছেন, এরইমধ্যে তার দলের অন্তত ৪,০০০ নেতা-কর্মীকে আটক করা হয়েছে।

পিটিআই’র সিনিয়র নেতা শাহ মেহমুদ কোরেশি বলেছেন, দলের নেতা-কর্মীদের ওপর দমন-পীড়ন বন্ধ না হওয়া পর্যন্ত আলোচনা স্থগিত থাকবে।

পিটিআই আলোচক দলের অন্যতম নেতা ড. আরিফ আলভি অভিযোগ করেন, “আলোচনার বিষয়ে সরকার মোটেই আন্তরিক নয়। সরকার কোথায় আলোচনায় বসতে চায় তাদেরকে তা বলতে হবে। আসলে তারা আন্দোলন ঠেকানোর চেষ্টা করছে। তবে রেড জোন থেকে সরিয়ে দিতে পারবে না।”

এদিকে, তাহিরুল কাদরিও বলেছেন, সরকার সক্রিয়ভাবে আন্দোলন ঠেকানোর চেষ্টা করছে। অবস্থান কর্মসূচিতে যোগ দেয়া লোকজনের কাছে খাদ্য-পানি পৌঁছাতে দেয়া হচ্ছে না। তিনি বলেন, এই বর্বর শক্তি এখন দেশের জাতীয় সংসদ দখল করে রেখেছে।

ঢাকা, ২১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই