পাকিস্তানের প্রভাবশালী রাজনৈতিক নেতা ও জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সাইদকে গ্রেফতার করেছে পাকিস্তান।
পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডন নিউজ জানায়, বুধবার পাকিস্তানের লাহোর শহরের নিকটবর্তী গুজরানওয়ালা শহরে যাওয়ার সময় সন্ত্রাসবিরোধী কর্মকর্তারা রাস্তা থেকে তাকে আটক করে। হাফিজ সাইদকে গ্রেফতারের পর অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে।
পাকিস্তান এখনও সরকারিভাবে হাফিজ সাইদের গ্রেফতারি নিয়ে কোনো কিছু ঘোষণা করেনি। তবে কিছুক্ষণ পরই এ বিষয়ে গণমাধ্যমকর্মীদের বিস্তারিত জানানো হবে বলে সরকারি সূত্রের বরাতে ডন জানিয়েছে।
হাফিজ সাইদকে ২০১৭ সালে গৃহবন্দি করে পাকিস্তান। ২০০৮ সালে ভারতের মুম্বাইতে হামলার জন্য ভারত এতদিন তাকে অভিযুক্ত করে আসছিল।
মুম্বাই হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে হাফিজ সাইদকে বরাবরই অভিযুক্ত করে আসছে ভারত। যুক্তরাষ্ট্রও মনে করে যে, সে হামলার পেছনে হাফিজ সাইদের হাত ছিল। আমেরিকার তরফ থেকে হাফিজ সাইদকে ধরার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কারও ঘোষণা করা হয়েছিল।
২০১৭ সালে হাফিজ সাইদ ও তার চার সহযোগীকে সন্ত্রাস আইনের অধীনে পাকিস্তান সরকার আটক করে। কিন্তু পাঞ্জাবের জুডিশিয়াল রিভিউ বোর্ড তাদের আটকাদেশ বাড়ানোর আবেদন প্রত্যাখ্যান করে ১১ মাস পরেই মুক্তি দেয়।
এমআর





