রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তার দেশ ক্রিমিয়াকে নিজ ভূখণ্ডে অন্তর্ভূক্তির সিদ্ধান্ত পরিবর্তন করবে না। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে এক টেলিফোন সংলাপে তিনি এ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “কেরিকে ল্যাভরভ বলেছেন, ক্রিমিয়াকে রাশিয়ায় অন্তর্ভূক্তির সিদ্ধান্ত নেয়া হয়েছে সেখানকার জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য। এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে না এবং মস্কোর এ সিদ্ধান্তকে অবশ্যই সম্মান জানাতে হবে। ক্রিমিয়ার পরিস্থিতিকে অস্থিতিশীল করে তোলার যেকোনো প্রচেষ্টা কঠোর হাতে দমন করা হবে।”
টেলিফোনালাপে ইউক্রেনের সহিংসতা বন্ধ করার উপায়ে নিয়েও দুই পররাষ্ট্রমন্ত্রী আলোচনা করেন বলে বিবৃতিতে জানানো হয়। এর আগে বৃহস্পতিবার রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ দুমায় ক্রিমিয়াকে রুশ ফেডারেশনের অন্তর্ভূক্তির প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহিত হয়। আজ শুক্রবার এ বিলটি পার্লামেন্টের উচ্চকক্ষে উত্থাপনের কথা রয়েছে। সূত্র: আইআরআইবি
ঢাকা, ২১ মার্চ (টাইমনিউজবিডি.কম)// টিআই