যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের ফার্গুসনে গত বছর শ্বেতাঙ্গ পুলিশের হাতে নিহত নিরস্ত্র মাইকেল ব্রাউনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার বিক্ষোভ চলাকালে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছে। পুলিশ দাবি করেছে, সে পুলিশের দিকে গুলি ছুঁড়েছে। তার অবস্থা ‘গুরুতর ও স্থিতিশীল নয়’। তার অস্ত্রোপচার চলছে।

পুলিশ জানায়, ওই ব্যক্তির কাছে একটি চোরাই বন্দুক ছিল এবং পুলিশ তার পিছু নিয়েছিল।

ঘটনাস্থলের কয়েকটি ছবিতে দেখা গেছে, এক কৃষ্ণাঙ্গ তরুণ মাটিতে রক্তের মধ্যে পড়ে রয়েছে। ওই ব্যক্তির নাম ও বয়স প্রকাশ করা হয়নি।

২০১৪ সালের আগস্টে শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ড্যারেন উইলসনের গুলিতে ১৮ বছরের কৃষ্ণাঙ্গ মাইকেল ব্রাউন নিহত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে সে সময় গোটা যুক্তরাষ্ট্রে বিক্ষোভ হয়।

মাইকেল ব্রাউনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার ওয়েস্ট ফ্লোরিস্যান্ট এভিনিউতে বিপুল সংখ্যক লোকজন জড়ো হতে থাকে। এক পর্যায়ে স্থানীয় সময় ২৩ টা ১৫ মিনিটে গুলিবর্ষণের শব্দ শোনা যায়।

সেন্ট লুই কাউন্টি পুলিশ প্রধান জন বেলমার সাংবাদিকদের বলেন,‘দুই গ্রুপের মধ্যে গুলিবিনিময়ের পর’ সন্দেহভাজন ব্যক্তি সেখান থেকে চলে আসে এবং অচিহ্নিত একটি এসইউভি গাড়িতে বসা অফিসারদের মুখোমুখি হয়। সে সশস্ত্র ছিল বলে পুলিশের ধারণা। সন্দেহভাজন লোকটি গাড়িতে থাকা সাদা পোশাকের গোয়েন্দাদের ওপর গুলি চালায়। গোয়েন্দারাও গাড়ির ভিতর থেকে এর জবাব দেয়।

রোববার সকালে কয়েকশ’ লোক মাইকেল ব্রাউন যে স্থানে নিহত হয়েছিল সেখানে জড়ো হয়ে সাড়ে চার মিনিট নীরবতা পালন করে। পুলিশ এ সময় লাউডস্পিকার ব্যবহার করে জড়ো হওয়া লোকজনকে সরে যাওয়ার অনুরোধ করতে থাকে। পুলিশের ভাষ্য, এটা শান্তিপূর্ণ বিক্ষোভ নয়।

জেডআই