ভারত-পাকিস্তান খেলা যে কেবল খেলার মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং তা রাজনীতি-কূটনীতিতেও গড়ায় তা আরেকটি বার প্রমাণিত হলো। এবার পাকিস্তানকে সমর্থন করায় ৬৭ জন কাশ্মীরি ছাত্রকে বহিষ্কার করেছে ভারতের একটি বিশ্ববিদ্যালয়। খবর এনডিটিভির।
রোববার ভারত-পাকিস্তানের মধ্যে অনুষ্ঠিত হয় এশিয়া কাপের উত্তেজনাকর ম্যাচটি। ম্যাচে পাকিস্তান জয়লাভ করে ১ উইকেটে।
পুরো ক্রিকেট বিশ্বের মতো সব ক্রিকেটপ্রেমীই বুঁদ হয়েছিলেন ভারত-পাকিস্তান ম্যাচে। এর ব্যতিক্রম ছিলেন না ভারতের মীরাটের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কাশ্মীরের দুই শতাধিক শিক্ষার্থী।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের ওই শিক্ষার্থীরা পড়াশোনা করতেন মীরাটের স্বামী বিবেকানন্দ সুভারতী বিশ্ববিদ্যালয়ে। ম্যাচে পাকিস্তানের জয়লাভের পর কাশ্মীরের এসব শিক্ষার্থী পাকিস্তানের পক্ষে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং স্লোগান দেন। পাকিস্তানের প্রতি এ সমর্থনকে সহ্য করতে পারেনি ভারতের অন্যান্য অঞ্চল থেকে আসা শিক্ষার্থীরা। তারা এ সময় কাশ্মীরের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষ চলাকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভাংচুর হয় বলে জানা যায়। একপক্ষ আরেক পক্ষের দিকে পাথর নিক্ষেপ করে।
ঘটনার দুদিন পর গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 'রাষ্ট্র বিরোধী কার্যকলাপ' ভাংচুরের অভিযোগে ৬৭ জন কাশ্মীরের শিক্ষার্থীকে বহিষ্কার করে এবং আবাসিক হোস্টেল ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়। উল্লেখ্য, মীরাটের এই বিশ্ববিদ্যালয়টিতে প্রায় দুই শতাধিক কাশ্মীরের শিক্ষার্থী ইঞ্জিনিয়ারিং ও আইন নিয়ে পড়াশোনা করছেন। সূত্র: এনডিটিভি
[b]ঢাকা, ৫ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এমএ[/b]