যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের একটি সুপার মার্কেটের গুদামঘরে নিযুক্ত এক কর্মী তার অপর দুই সহকর্মীকে গুলি করে হত্যা করেছেন। পরে পুলিশের সঙ্গে গোলাগুলি শুরু হলে একপর্যায়ে তিনি আত্মহত্যা করেন।
বার্তা সংস্থা এপির খবরে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উইসকনসিনের রাউন্ডি ডিস্ট্রিবিউশন সেন্টারে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে দ্রুত পৌঁছে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করে। সন্দেহভাজন ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তারও মৃত্যু হয়।
কিভাবে দুই সহকর্মীকে হত্যা করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য দিতে রাজি হয়নি পুলিশ।
উইসকনসিনের গভর্নর টনি রিভার্স এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি নিশ্চিত করেছেন যে, দুই ব্যক্তিকেই গুলি করে হত্যা করা হয়েছে।
হতাহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। তবে তিনজনই ২০ বছরের বেশি সময় ধরে ওই প্রতিষ্ঠানে কাজ করছিলেন। ফলে তারা ছিলেন দীর্ঘদিনের সহকর্মী।
তাদের মধ্যে কোনও শত্রুতা ছিল কি না সে বিষয়টি এখনও ওই প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা নিশ্চিত করতে পারেন।
এমআর





