সিরিয়ায় রাশিয়ার বিমান হামলায় অন্তত ৪৫ জন নিহত হয়েছেন। দেশটির লাটাকিয়া প্রদেশের জাবাল আল-আকরাদ অঞ্চলে সোমবার বিকালে ওই হামলা চালানো হয়। অঞ্চলটি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পূর্ব পুরুষদের জন্মস্থান।
লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন দ্য সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়েছে, সিরিয়ার গৃহযুদ্ধ শুরুর পর আসাদবিরোধীরা ওই অঞ্চলটির দখল নেয়। তাদের টার্গেট করে কয়েকদিন ধরে বিমান হামলা চালিয়ে আসছে রাশিয়া।
বাশার আল-আসাদের সমর্থনে গত ৩০ সেপ্টেম্বর থেকে সিরিয়ায় বিমান হামলা শুরু করে রাশিয়া। যদিও মস্কো বলছে যে, তারা ইসলামিক স্টেট তথা আইএসের বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে। কিন্তু বিমান হামলা শুরুর পর ইতোমধ্যে কয়েকবার তারা আসাদবিরোধীদের ওপর বিমান হামলা চালিয়েছে বলে খবর বেরিয়েছে। আসাদবিরোধীদের মদদ দিচ্ছে যুক্তরাষ্ট্র তার মিত্ররা।
খবরে বলা হয়েছে, সোমবারের হামলায় পশ্চিমা বিশ্ব সমর্থিত আসাদবিরোধী সংগঠন ফ্রি সিরিয়ান আর্মির এক কমান্ডার ও বিরোধীদের পরিবারের বেশ কিছু সদস্য নিহত হয়েছেন।
অন্যদিকে, বিরোধী মতের মানবাধিকার সংগঠন দ্য লোকাল কো-অর্ডিনেশন কমিটি (এলসিসি) বলেছে, সোমবার লাটাকিয়া প্রদেশে বিমান হামলায় ৫৭ জন নিহত হয়েছে। এর বেশিরভাগই নিহত হয়েছে রাশিয়ান বিমান হামলায়।
কেএইচ





