মিশরের গোলযোগপূর্ণ উত্তর সিনাইয়ের আল আরিশ নগরীতে এক বোমা হামলায় দেশটির এক উচ্চপদস্থ সেনা কর্মকর্তা নিহত ও অপর তিনজন আহত হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে একথা জানায়। বুধবার রাতে আল আরিশ নগরীর অ্যাসিউত সড়কে নিরাপত্তা বাহিনীর একটি টহল দলকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। খবর বার্তা সংস্থা পিটিআই’র।
কর্নেল ইয়াসের এল হাদিদি বিস্ফোরণে নিহত হন। এছাড়া এ ঘটনায় এক সেনা ও অপর এক বেসামরিক লোক আহত হয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো জানানো হয়, বিস্ফোরণের পর নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। এসময় এলাকাটির চারপাশে হামলাকারীদের সন্ধানে ব্যাপক তল্লাশী চালায় তারা।
২০১১ সালের জানুয়ারি মাসে এক অভ্যুত্থানে মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারকের পতনের পর থেকে দেশটির উত্তর সিনাই অঞ্চলে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। দেশটিতে ২০১৩ সালে সাবেক ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে উৎখাতের পর থেকে পুলিশ ও সেনা সদস্যদের লক্ষ্য করে হামলার ঘটনা বাড়ছে।
জেড





