বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারিত্ব সংলাপ আগামী রোববার ঢাকায় অনুষ্ঠিত হবে।রাষ্ট্রীয় অতিথি ভবনে অনুষ্ঠেয় এই সংলাপে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন মার্কিন পররাষ্ট্র দফতরের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি থমাস এ শেনন।
আর বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব শহীদুল হক।অংশীদারিত্ব সংলাপে দুই দেশের সার্বিক দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হয়। তবে এবারের সংলাপে রোহিঙ্গা ইস্যুটি বিশেষ গুরুত্ব পাবে।
এদিকে রোহিঙ্গা সঙ্কট নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল এখন বাংলাদেশে আছে। যুক্তরাষ্ট্রের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন ব্যুরোর ভারপ্রাপ্ত সহকারী মন্ত্রী সাইমন হেনশের নেতৃত্বে প্রতিনিধি দলটি রোহিঙ্গাদের অবস্থা সরেজমিনে দেখতে ইতোমধ্যে কক্সবাজার সফর করেছে।
এছাড়া তারা সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, দাতা ও মানবিক ত্রাণ সহায়তা সংস্থাগুলোর সাথে বৈঠক করছেন। প্রতিনিধি দলটি রোহিঙ্গাদের বক্তব্য শোনা ছাড়াও জরুরি মানবিক সহায়তার প্রভাব পর্যালোচনা ও সহযোগিতার ঘাটতি চিহ্নিত করার চেষ্টা করছে। একইসাথে পরিস্থিতি উন্নয়নে পরামর্শও দিচ্ছে।
মার্কিন প্রতিনিধি দলে অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম ব্যুরোর উপ-সহকারী মন্ত্রী স্কট বাসবি, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত উপ-সহকারী মন্ত্রী টম ভাজদা এবং পূর্ব এশিয়া ও প্যাসিফিক বিষয়ক ব্যুরোর পরিচালক প্যাট্রিসিয়া মাহোনি।যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরের মুখপাত্র হেদার ন্যুয়েট আজ প্রতিনিধি দলে যোগ দিয়েছেন।
প্রতিনিধি দলটি গত ২৯ অক্টোবর মিয়ানমার যায়। এসময় তারা মিয়ানমার সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তা, কূটনীতিক সম্প্রদায়, জাতিসঙ্ঘসহ আন্তর্জাতিক সংস্থা ও এনজিও অংশীদারদের সাথে চলমান সঙ্কট নিয়ে আলোচনা করেন।
রাখাইন রাজ্যে তারা শর্তহীনভাবে ত্রাণ সংস্থা ও সংবাদকর্মীদের প্রবেশের অনুমতি চান। এছাড়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদে ও মর্যাদার সাথে রাখাইন রাজ্যে প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন।
আজ রাজধানীতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে মার্কিন প্রতিনিধি দলটি মিয়ানমার ও বাংলাদেশ সফরের ফলাফলের ওপর আলোকপাত করবে।
এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন আগামী ১৫ নভেম্বর মিয়ানমারের রাজধানী নেপিডো যাচ্ছেন। এ সফরকালে তিনি রাখাইনে মানবিক সঙ্কট মোকাবেলা ও মিয়ানমারের গণতন্ত্রায়ন প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা জানাবেন।
এমএ





