মেসিডোনিয়ার রাজধানীতে হঠাৎ বন্যায় মারা গেছে ২০ জন। ঝড় ও টানা বৃষ্টিতে এ বন্যা দেখা দেয়। ঝড় শেষ হওয়ার পর রোববার সকালে মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে। এখনো কিছু লোক নিখোঁজ রয়েছে। বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
কিছু লোক তাদের ব্যক্তিগত গাড়িতে থাকা অবস্থায়ই মারা গেছেন। কিছু গাড়ি বন্যার স্রোতে মাঠে গিয়ে ঠেকে। তা ছাড়া শহরের অধিকাংশ রাস্তা বন্যার পানিতে তলিয়ে যায়।
হঠাৎ ভারি বৃষ্টি হয় রাজধানীতে। সাড়ে তিন ইঞ্চি (৯৩ মিলিমিটার) বৃষ্টিপাত হয়, সেই সঙ্গে প্রচন্ড ঝড় বয়ে যায়। এ পরিমাণ বৃষ্টিপাত পুরো আগস্ট মাসজুড়ে হয়ে থাকে।
বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে কোথাও কোথাও পানির উচ্চতা পাঁচ ফুট পর্যন্ত হয়। রাজধানী স্কপজের উপকণ্ঠের বাসিন্দা ৪৩ বছর বয়সি বেজ স্প্রিওভস্কি জানিয়েছেন, বন্যায় সব কিছু একাকার হয়ে গেছে। টেলিভিশন, ফ্রিজ, আসবাব সব কিছু বানের জলে ভেসে গেছে। এ ছিল দুঃস্বপ্ন।’
অনেক বাড়িঘর এখনো প্লাবিত হয়ে আছে। বিদ্যুৎ নেই অনেক এলাকায়। কিছু ভবন ধসে গেছে।
এমএনজে





