[b]যুক্তরাজ্য:[/b] ইরাকে পরিকল্পিত যুদ্ধপরাধের দায়ে শীর্ষ পর্যায়ের কয়েকজন ব্রিটিশ সেনা কর্মকর্তা ও রাজনীতিবিদকে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিতে হাজির করা হবে।
এ নিয়ে ইতোমধ্যে আইসিসিতে ২৫০ পৃষ্ঠার তথ্য-প্রমাণ উপস্থাপন করা হয়েছে। ২০০৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত ইরাকে এসব যুদ্ধাপরাধের ঘটনা ঘটে।
এসব তথ্য-প্রমাণ সম্বলিত দলিলে বলা হয়েছে- ব্রিটেনের সেনা ও রাজনৈতিক কর্মকর্তারা অন্তত ৪০০ ইরাকিকে হত্যা করার সময় যুদ্ধাপরাধ করেছে। তবে, আরো হাজার হাজার ইরাকি নাগরিক এ ধরনের হত্যা, নির্যাতন, নিষ্ঠুরতা ও অমানবিক ব্যবহারের শিকার হয়েছেন।
ব্রিটেনের সামরিক বাহিনীর প্রধান জেনারেল স্যার পিটার ওয়াল, দেশটির সাবেক প্রতিরক্ষা সচিব জিওফ হুন এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী অ্যাডাম ইনগ্রামের নাম রয়েছে ওই দলিলে।
যুদ্ধাপরাধের শিকার ব্যক্তিদেরকে কারাবন্দী করা থেকে শুরু করে পুড়িয়ে মারা, বৈদ্যুতিক শক, হত্যার হুমকি এমনকি ধর্মীয়ভাবে নির্যাতন করা হয়েছে। এসব কাজের জন্য যুদ্ধাপরাধের দলিলে ব্রিটেনের শীর্ষ পর্যায়ের সেনা কর্মকর্তা ও রাজনীতিকদেরকে দায় নেয়ার কথা বলা হয়েছে।