২০০১ সাল থেকে বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের চারশ’র বেশি সামরিক ড্রোন বা মনুষ্যবিহীন বিমান বিধ্বস্ত হয়েছে। শুক্রবার প্রভাবশালী পত্রিকা ওয়াশিংটন পোস্ট মনুষ্যবিহীন এ বিমানের নিরাপত্তা ও নির্ভরযোগ্যতার ওপর প্রশ্ন তুলে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
ড্রোন দুর্ঘটনার ওপর ৫০ হাজার পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে পোস্ট জানায়, ৯/১১’র সন্ত্রাসী হামলার পর থেকে এ পর্যন্ত এই সামরিক ড্রোন বিমান যান্ত্রিক ত্রুটি, বিমান পরিচালনায় মানুষের ভুল ও খারাপ আবহাওয়াসহ ‘বিভিন্ন কারণে সন্তোষজনকভাবে কাজ করতে ব্যর্থ হয়েছে।’
রিপোর্টে বলা হয়, আফগানিস্তানে ৬৭টি ও ইরাকে ৪১টি ড্রোন বিধ্বস্ত হলেও যুক্তরাষ্ট্রে পরীক্ষা ও প্রশিক্ষণের সময় ৪৭টি ড্রোন বিধ্বস্ত হয়।
এতে আরো বলা হয়, ‘সামরিক ড্রোনগুলো লক্ষ্যভ্রষ্ট হয়ে মানুষের বাড়ি, খামার, মহাসড়ক, পানিপথ এবং একবার আকাশে একটি এয়ার ফোর্স সি-১৩০ হারকিউলিস পরিবহণ বিমানে আঘাত করে।’
পত্রিকাটি জানায়, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর ও ২০১৩ সালের শেষ নাগাদ ৪১৮টি ড্রোন বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে। এদের ১৯৪টি বড় ধরনের দুর্ঘটনা ঘটে। এতে হয় গোটা বিমানই ধবংস হয়ে গেছে অথবা ২০ লাখ মার্কিন ডলার সম্পত্তির ক্ষতি হয়েছে।
ক্ষতির এই পরিমাণ একই সময়ে মার্কিন বিমান বাহিনীর জঙ্গি বিমান দুর্ঘটনায় ক্ষতির প্রায় সমান। যদিও ড্রোন বিমানগুলো অপেক্ষাকৃত অনেক কম সময়ের জন্য ও কমসংখ্যক অভিযানে অংশ নেয়।
ঢাকা, ২১ জুন (টাইমনিউজবিডি.কম) // টিআই।





