পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনকর্মী মালালা ইউসুফজাই যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া থেকে দেওয়া সম্মানজনক লিবার্টি মেডেল পাচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়,রোববার এই পুরস্কার ঘোষণা করা হয়। ২১ অক্টোবর পুরস্কারটি গ্রহণ করবে মালালা।

 ফিলাডেলফিয়ার ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টার ১৯৮৯ সাল থেকে বার্ষিক এই পুরস্কার দিয়ে আসছে। চলতি বছর এই পুরস্কারের জন্য মালালাকে নির্বাচিত করা হয়েছে। এ পর্যন্ত এই পুরস্কার পাওয়া ব্যক্তিদের মধ্যে ১৭ বছর বয়সী মালালা সর্বকনিষ্ঠ।

পুরস্কার পাওয়া খ্যাতিমান ব্যক্তিদের মধ্যে বক্সার মোহাম্মদ আলী, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার, সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন প্রমুখ অন্যতম।

প্রতিক্রিয়ায় মালালা বলেছে, শিক্ষার জন্য সংগ্রামরত বিশ্বের সব শিশুর পক্ষ থেকে আমি পুরস্কারটি গ্রহণ করছি। ২০১২ সালের অক্টোবরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ১৫ বছর বয়সী মালালাকে হত্যার উদ্দেশে মাথায় গুলি করে তালেবান জঙ্গিরা। সৌভাগ্যক্রমে বেঁচে যায় এই কিশোরী। পরে তাকে উন্নত চিকিত্সার জন্য যুক্তরাজ্যে পাঠানো হয়।

ঢাকা, ৩০ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই