ইহুদিবাদী ইসরাইল ২০১৭ সালে ফিলিস্তিনের ২ হাজার ৫০০ একর ভূমি জবরদখলে নিয়েছে। এ সময় ধ্বংস করে দিয়েছে ফিলিস্তিনীদের ৫ শতাধিক ভবন এবং স্থাপন করা হয়েছে নতুন ৮টি ইহুদি বসতি। ফিলিস্তিন ভূমি গবেষণা কেন্দ্র (এলআরসি) এ তথ্য দিয়েছে।
এলআরসির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইল পশ্চিমতীর ও পূর্ব জেরুসালেমে ‘সামরিক ইচ্ছা’ ও ‘ইহুদি বসতি স্থাপনের’ লক্ষ্যেই এ ভূমি জবরদখল করছে।প্রতিবেদনে আরো বলা হয়েছে, পূর্ব জেরুসালেমের আল-আকসা মসজিদ নিয়ে ইসরাইলি বাহিনী ফিলিস্তিনীদের উপর ৯শ’য়েরও বেশি সহিংসতা ও আক্রমণ চালিয়েছে।
ইসরাইল ও ফিলিস্তিনী আইন প্রতিষ্ঠানের মতে, পশ্চিম তীর ও পূর্ব জেরুসালেমে ২০১৭ সালে পূর্বের বছরের তুলনায় ইহুদি বসতি স্থাপন কার্যক্রম তিনগুন বৃদ্ধি করা হয়েছে।মানবাধিকার সংগঠন পিস নাউ মুভমেন্ট জানিয়েছে, ২০১৫ সালে ইসরাইল সরকার ইহুদিদের জন্য ১ হাজার ৯৮২টি বাড়ি নির্মাণ অনুমোদন করেছিল। ২০১৬ সালে এ সংখ্যা হয় ২ হাজার ৬২৯ এবং ২০১৭ সালে তা প্রায় তিনগুন বেড়ে হয় ৬ হাজার ৫০০।
ইসরাইলের গণপূর্ত ও গৃহায়ণ মন্ত্রী ইওয়াব গালানট গত ২৪ ডিসেম্বর ঘোষণা করেছেন, ‘পূর্ব জেরুসালেমে ইসরাইলের রাজধানীতে তিন লাখ নতুন বাড়ি নির্মাণ করা হবে।’২০১৪ সালে ইসরাইল-ফিলিস্তিন শান্তি আলোচনা স্থগিত হয়ে যাওয়ার পর পশ্চিমতীর ও পূর্ব জেরুসালেমে ইহুদি বসতি স্থাপনকে এ দুই পক্ষের আলোচনায় প্রধান বাধা হিসেবে দেখা হচ্ছে।
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার সম্প্রতি পশ্চিমতীর ও পূর্ব জেরুসালেমে আরো ইহুদি বসতি স্থাপনের বিষয়টি দ্রুততর করেছে।১৯৬৭ সালের পর দখলদার ইসরাইল পশ্চিমতীরে ১৩১টি, পূর্ব জেরুসালেমে ১০টি এবং পশ্চিতীরের পাহাড়ি এলাকায় ১১৬টি বসতি স্থাপন করেছে।
ফিলিস্তিনের মাটিতে এখন ৫ লক্ষাধিক ইহুদি বসবাস করছে। ২ লাখ ২০ হাজারের বেশি বসবাস করছে পূর্ব জেরুসালেমে। জানা যাচ্ছে, ইসরাইল ফিলিস্তিনের মাটিতে ইহুদি বসবাসকারীর সংস্থা খুব কম সময়ের মধ্যে ১০ লাখে নিয়ে যাওয়ার টার্গেট নিয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি
এমআর





