আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে আকস্মিক বন্যায় ঘরবাড়ি ডুবে ও গাড়ি ভেসে গিয়ে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে।
আকস্মিক এ বন্যায় দুই হাজারেরও বেশি বাড়ি ডুবে গেছে বলে শনিবার জানিয়েছে ত্রাণ উদ্যোগ সমন্বয় বিষয়ক জাতিসংঘের সংস্থা ওসিএইচএ, খবর বার্তা সংস্থা রয়টার্সের।
আকস্মিক বন্যার কবল থেকে বাঁচাতে ওই এলাকার বহু মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। তবে নদী তীরের অন্তত ৫০০ মানুষ আটকা পড়েছেন।
তাদের দ্রুত উদ্ধার প্রয়োজন বলে বিবৃতি দিয়েছে জাতিসংঘের মানবিক সংস্থা। অন্যদিকে পাহাড়ি অঞ্চলে ভারি তুষারপাত ও যাতায়াত ব্যবস্থা খারাপ হওয়ায় ওই এলাকায় ত্রাণ সহায়তা প্রদান ও উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন কাবুলে প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
এএস





