পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ দেশটির সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফকে জানিয়ে দিয়েছেন যে, তিনি ক্ষমতা ছাড়বেন না। নওয়াজ শরীফ বলেছেন, ইমরান খান ও তাহিরুল কাদরির নেতৃত্বাধীন চলমান আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়ার কোনো কারণ নেই।
ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের মধ্যে বৈঠক দুই ঘণ্টা স্থায়ী হয়। এ সময় সেনাপ্রধান নওয়াজ শরীফের সামনে কয়েকটি অপশন তুলে ধরেন যার মধ্যে এক মাসের জন্য পদত্যাগের কথাও ছিল যাতে করে ২০১৩ সালের নির্বাচনে কারচুপির অভিযোগ তদন্ত করা যায়। বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
এদিকে, সেনাপ্রধানের সঙ্গে বৈঠক শেষ হওয়ার পরপরই পাকিস্তানের একটি বেসরকারি টিভি চ্যানেল খবর দিয়েছে যে, প্রধানমন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান। খবরটি সম্প্রচারের সঙ্গে সঙ্গেই আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর’র মুখপাত্র আসিম বাজওয়া বলেছেন, এ খবর সম্পূর্ণ ভিত্তিহীন।
ওদিকে, ক্ষমতাসীন মুসলিম লীগের একজন সিনিয়র নেতা জোর দিয়ে বলেছেন, প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন না; বরং তিনি আাগমীকাল মঙ্গলবার জাতীয় সংসদের যৌথ অধিবেশনে বক্তৃতা করবেন।
ঢাকা, ১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, টিআই





