গোলান মালভূমির ইসরাইল ও সিরিয়ার অস্ত্রবিরতি রেখার কাছে সোমবার বিদ্রোহীদের সঙ্গে সিরীয় সৈন্যদের তুমুল সংঘর্ষ হয়েছে। জাতিসংঘ জঙ্গিদের হাতে বন্দি এর শান্তিরক্ষী বাহিনীর ৪৪ সদস্যকে ছাড়ানোর জন্য প্রচেষ্টা চালানোর দাবি জানালে সিরীয় বাহিনী এ অভিযান চালায়।


এএফপি’র এক সংবাদদাতা জানান, উভয় পক্ষই পরস্পরের ওপর মর্টার, রকেট ও ট্যাংকের সাহায্যে হামলা চালায়। বেশ কয়েকটি গোলা ও রকেট অস্ত্রবিরতি রেখার কাছে আঘাত হানে। গত সপ্তাহে বিদ্রোহীরা কুনিত্রা ক্রসিং নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়।

ইসরাইলের সরকারি বেতার জানায়, একটি গোলা লক্ষ্যচ্যূত হয়ে ইসরাইলের ভূখণ্ডে আঘাত হানে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

বুধবার আল-কায়েদা বিদ্রোহীরা অস্ত্রবিরতি রেখার সিরীয় অংশে হামলা চালিয়ে শান্তিরক্ষী বাহিনীতে মোতায়েন ফিজির ৪৪ সৈন্যকে বন্দি করে। ১৯৭৪ সাল থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই মালভূমিতে জাতিসংঘ শান্তিরক্ষীরা যুদ্ধবিরতি পর্যবেক্ষণ করে আসছে।

রোববার জাতিসংঘ জানিয়েছে, ফিজির সৈন্যরা সশস্ত্র জঙ্গিদের হাতে বন্দি রয়েছে। জাতিসংঘ এক বিবৃতিতে জানায়, ‘এই মুহূর্তে তাদের (ফিজি সৈন্য) অবস্থান বা তারা কি অবস্থায় আছে সে সম্পর্কে আমাদের কাছে আর কোন তথ্য নেই। জাতিসংঘ অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।’ সূত্র: এএফপি

ঢাকা, ১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, টিআই