ইয়েমেনে গত ডিসেম্বরে একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন চালকবিহীন বিমান হামলায় ১২ জন নিহত হওয়ার ঘটনা তদন্তে যুক্তরাষ্ট্রের প্রতি আহবান জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। একইসঙ্গে এ হামলা আন্তর্জাতিক আইনের লংঘন বলে সংগঠনটি দাবি করেছে।
এইচআরডব্লিউ বলেছে, এই হামলার ফলে প্রেসিডেন্ট বারাক ওবামা সম্প্রতি ড্রোন হামলার ব্যাপারে কড়াকড়ি আরোপের যে আইন ঘোষণা করেছেন তা মার্কিন বাহিনী মেনে চলছে কিনা তা নিয়ে ‘গভীর উদ্বেগ’ সৃষ্টি হয়েছে।
নিউইয়র্কভিত্তিক এ মানবাধিকার সংগঠনের তথ্যানুযায়ী, মধ্যাঞ্চলের রাদা শহরের কাছে গত ১২ ডিসেম্বর বরযাত্রীবাহী একটি গাড়ির বহরে চারটি ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে ১২ জন নিহত ও ১৫ জন আহত হয়।
যুক্তরাষ্ট্র ও ইয়েমেনের কর্তকর্তারা নিহতদের জঙ্গি সংগঠন আল কায়েদা ইন দ্য অ্যারাবিয়ান পেনিনসুলা (একিউএপি)’র সদস্য বলে দাবি করলেও প্রত্যক্ষদর্শী ও আত্মীয়স্বজনরা জানান, হতাহতরা সবাই ছিল বেসামরিক নাগরিক। তারা একিউএপি’র সদস্য ছিল না।
এইচআরডব্লিউয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, বরযাত্রীদের ওপর ড্রোন হামলার ঘটনার কারণ ব্যাখ্যা করতে যুক্তরাষ্ট্র অস্বীকৃতি জানিয়েছে। ফলে যুক্তরাষ্ট্রের সুনির্দিষ্ট হত্যাকান্ড নীতির সঙ্গে মার্কিন প্রশাসনের বোঝাপড়া আছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে।
প্রতিবেদনের লেখক লেট্টা টাইলার বলেন, ‘সকল ইয়েমেনী বিশেষত হতাহতদের পরিবারের জানার অধিকার রয়েছে যে কেন বরযাত্রা শবযাত্রায় পরিণত হল।’
এইচআরডব্লিউ ওবামা প্রশাসনের প্রতি হামলার ঘটনার আনুষ্ঠানিক তদন্ত করে তা জনসম্মুখে প্রকাশ এবং এর সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিচারের আওতায় আনার আহবান জানিয়েছে। সূত্র: এএফপি
[b]ঢাকা, ২০ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএ[/b]