বৃহস্পতিবার জাতিসংঘ সদর দপ্তরের কাছে আয়োজিত একটি কর্মসূচিতে ৪০০ জনের বেশি মানুষ অংশ নেন বলে জানিয়েছে ‘জুইশ ভয়েস ফর পিস’ (জেভিপি)। সংগঠনটি ও ‘এনওয়াইসি-ডেমোক্রেটিক সোশালিস্টস অব আমেরিকা’ যৌথভাবে এই অবস্থান কর্মসূচির আয়োজন করে।

বিক্ষোভের কারণে জাতিসংঘের কাছে ফার্স্ট এভিনিউয়ের একটি অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ রাস্তা খালি করার নির্দেশ দেওয়ার পর বিক্ষোভকারীদের আটক করা হয়।

আয়োজকদের দাবি, আটক ব্যক্তিদের মধ্যে নয়জন নির্বাচিত জনপ্রতিনিধি ও নির্বাচনে প্রার্থী ছিলেন। তাদের মধ্যে নিউইয়র্কের ১৩তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের ডেমোক্রেটিক প্রার্থী দারিয়ালিজা আভিলা শেভালিয়েরও ছিলেন।

পরে পৃথক আরেকটি কর্মসূচিতে হাজারো বিক্ষোভকারী জাতিসংঘ সদর দপ্তরের দিকে মিছিল করেন। ফিলিস্তিনপন্থী বিভিন্ন সংগঠন এসব কর্মসূচিতে অংশ নেয় এবং গাজা ইস্যুতে যুক্তরাষ্ট্রের নীতির পরিবর্তনের দাবি জানায়।

এদিকে জাতিসংঘে দেওয়া ভাষণে গাজায় ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ প্রত্যাখ্যান করেন নেতানিয়াহু। তিনি এ অভিযোগকে ‘শতাব্দীর সবচেয়ে বড় মিথ্যা’ বলে উল্লেখ করেন। একই সঙ্গে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানিরও সমালোচনা করেন তিনি।

জবাবে মামদানি নেতানিয়াহুর বক্তব্যকে ভিত্তিহীন বলে মন্তব্য করেন। গাজায় ইসরাইলের কর্মকাণ্ড নিয়ে নিজের সমালোচনাও পুনর্ব্যক্ত করেন তিনি।

নেতানিয়াহুর ভাষণের সময় জাতিসংঘের অধিবেশন কক্ষেও প্রতিবাদ দেখা যায়। তার বক্তব্য শুরু হলে বিভিন্ন দেশের কয়েকজন প্রতিনিধি কক্ষ থেকে বেরিয়ে যান বলে আল জাজিরা জানিয়েছে।

এস