যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত একদিনে অভিবাসনপ্রত্যাশীদের আগমনের এটিই সর্বোচ্চ সংখ্যা।
তবে সামগ্রিক হিসাবে গত বছরের তুলনায় এ বছর ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে আসা মানুষের সংখ্যা কমেছে। জানুয়ারি থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত ১৮ হাজার ৫৫৬ জন যুক্তরাজ্যে পৌঁছেছেন। ২০২৫ সালের একই সময়ে এ সংখ্যা ছিল ৩২ হাজার ১৮৮। অর্থাৎ প্রায় ৪২ শতাংশ কমেছে আগমন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছরের ২০ ডিসেম্বর ৮০৩ জন একদিনে যুক্তরাজ্যে পৌঁছানোর পর বুধবারের ৭৮১ জনই ছিল একদিনে সর্বোচ্চ আগমনের দ্বিতীয় রেকর্ড।
তবে এর চেয়েও বড় একদিনের আগমনের ঘটনা ঘটেছিল ২০২২ সালের ৩ সেপ্টেম্বর। সেদিন ১ হাজার ৩০৫ জন অভিবাসনপ্রত্যাশী ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিলেন।
ব্রিটিশ কোস্টগার্ড জানিয়েছে, ২৩ সেপ্টেম্বরের আগে ২১ ও ২২ সেপ্টেম্বরও তিনটি ছোট নৌকায় প্রায় ১৫০ জন ফ্রান্স থেকে যুক্তরাজ্যের উদ্দেশে যাত্রা করেন। এর আগে টানা পাঁচ দিন কোনো নৌকায় চ্যানেল পারাপারের ঘটনা ঘটেনি।
ব্রিটিশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ছোট নৌকা ও রাবারের ডিঙ্গিতে করে অভিবাসনপ্রত্যাশীদের আগমন মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এ ধরনের পারাপার বন্ধে আরও পদক্ষেপ প্রয়োজন বলেও সরকার জানিয়েছে।
ক্ষমতাসীন লেবার পার্টির উপনেতা লুসি পাওয়েল বিবিসিকে বলেন, ছোট নৌকায় করে আসা মানুষের সংখ্যা কমাতে সরকার অতিরিক্ত সম্পদ ব্যবহার এবং নতুন আইনসহ বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।
ইংলিশ চ্যানেল বিশ্বের ব্যস্ত ও ঝুঁকিপূর্ণ নৌপথগুলোর একটি। আবহাওয়া ও সমুদ্র পরিস্থিতি অনুকূলে থাকলে এ পথে পারাপারের ঘটনা সাধারণত বাড়ে। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত এ ধরনের আগমন বেশি দেখা যায়।
সূত্র: বিবিসি
এস





