প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বৈঠক করবেন। এ বৈঠক ২৭ সেপ্টেম্বর হবে বলে পররাষ্ট্র সূত্রে জানা যায়।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৯তম অধিবেশনের ফাঁকে দুই প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রীরা দ্বিপক্ষীয় বিষয় নিয়ে কথা বলবেন।
পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক আজ শনিবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাবেন। ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে সাধারণ পরিষদের ৬৯তম অধিবেশন।
গত মে মাসে ভারতের পঞ্চদশ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটি হবে শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদির প্রথম বৈঠক। নিউইয়র্ক ছাড়াও আগামী নভেম্বরে নেপালে দুই প্রধানমন্ত্রীর সাক্ষাতের কথা রয়েছে। ওই সময় তাঁরা দুজন সার্ক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।
ঢাকা, ১৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ





