ইসলাম ধর্মের প্রচার ও এ সম্পর্কে মানুষের ভুল ধারণার অবসান ঘটাতে নতুন পদ্ধতি যোগ হয়েছে যুক্তরাষ্ট্রে।
আর এতে ব্যবহার করা হয়েছে বিজ্ঞাপনের বিভিন্ন অনুষঙ্গ। দেশটির শহরগুলোতে বড় বড় বিলবোর্ড স্থাপন করা হয়েছে।
এসব বিলবোর্ডে হযরত মুহাম্মদ (সা.) এর বিভিন্ন বাণী তুলে ধরা হয়েছে। গভীরভাবে ফুটিয়ে তোলা হয়েছে ইসলাম ধর্মের বিশ্বাসকে।
এছাড়াও বিভিন্ন ধর্ম সম্পর্কে কোরআন কি বলেছে সে বিষয়গুলোও জানার জন্য সবাইকে আহ্বান জানানো হয়েছে।
একই সঙ্গে এসব বিলবোর্ডে হটলাইন ও ওয়েবসাইটের ঠিকানা উল্লেখ করা হয়েছে, যাতে তাদের সঙ্গে যোগাযোগ করে ইসলাম সম্পর্কে আরো বিস্তারিত জানা যায়।

এমনই বিলবোর্ড স্থাপন করা হয়েছে ভিন্স লোম্বারডি সার্ভিস প্লাজার সামনে। জর্জ ওয়াশিংটন ব্রিজের দিকে যাওয়ার পথে যাত্রীদের মাথার ওপরে চোখে পড়ে এই বিলবোর্ড। নতুন ওই বিলবোর্ডে লেখা আছে "মুহাম্মাদ (সা.) শান্তি, সামাজিক ন্যায়বিচার, নারীর অধিকারে বিশ্বাস করেন"

'ইসলামিক সার্কেল অব নর্থ আমেরিকা' নামে একটি সংস্থা তাদের ন্যাশনাল ক্যাম্পেইনের অংশ হিসেবে এসব বিলবোর্ড স্থাপন করেছে। সংস্থার প্রেসিডেন্ট নাঈম বেগ বলেন, ধর্মবিশ্বাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং আমেরিকান মুসলমানদের ব্যাপারে পুরো যুক্তরাষ্ট্রে যে কল্প-কাহিনী রয়েছে তা দূর করা এই ক্যাম্পেইনের উদ্দেশ্য।
তিনি বলেন, দেশজুড়ে ৮০টি বিলবোর্ড স্থাপনের লক্ষ্যে এরই মধ্যে ৩০টি স্থাপন করা হয়েছে।
নাঈম বেগ বলেন, আমেরিকানরা নবী মুহাম্মদ (সা.) সম্পর্কে জানতে খুবই আগ্রহী। তদের মনে অনেক প্রশ্ন রয়েছে। বিলবোর্ড স্থাপনের পর থেকে আমাদের হটলাইনে অসংখ্য ফোন এসেছে এবং ওয়েবসাইট ভিজিট করা হয়েছে। এসব দেখে আমরা উচ্ছ্বসিত।
সংস্থার প্রেসিডেন্ট আরো বলেন, সর্বপ্রথম মে মাসে অস্টিন, বোস্টন, ডেনবার, মিয়ামি, মিলওকি, ফোনিক্স, সান দিয়াগো এবং সিট্টল এলাকাগুলোতে সাইনপোস্ট স্থাপন করা হয়। নিউইয়র্ক সিটিতে কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং টাইমস স্কয়ারের আশপাশে বিলবোর্ড স্থাপন করা হয়েছে।

কিছু বিলবোর্ডে অন্য বার্তাও উপস্থাপন করা হয়েছে যেমন, “মুহাম্মদ (সা.) সবসময়ই ভালোবাসাতে শিখিয়েছেন, ঘুণা নয়; শান্তির কথা বলেছেন, হিংস্রতা নয়” এবং “স্রষ্টা কখনো চেহারা ও স্বাস্থ্য দেখে বিচার করেন না”।
বেগ জানান, প্রত্যেকটি বিলবোর্ডে প্রতিমাসে গড়ে ৩ হাজার মার্কিন ডলার ব্যয় হয়। আমেরিকান মুসলমানদের দানের টাকায় এই ব্যয় বহন করা হচ্ছে। যারা তাদের প্রতিবেশী ও সহকর্মীদের কাছে নিজেদের ধর্মবিশ্বাসের কারণ ব্যাখ্যা করতে চান।

ইসলাম সম্পর্কে নঞার্থক অলঙ্কারিক ভাষা এবং ইসলামের নামে সন্ত্রাসী কর্মকাণ্ডের খবরের মধ্যে এটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে জানান বেগ। তিনি আরো বলেন, বিলবোর্ড স্থাপনের পর থেকে প্রতিমাসে শত শত কল রিসিভ করছে সংস্থা এবং তাদের ৭০ শতাংশই পজিটিভ।
বিলবোর্ডের মাধ্যমে পথচারীদেরকে টোলফ্রি নম্বর “1-877-Why-Islam” তে কল করে অথবা www.WhyIslam.org এই ওয়েবসাইটে গিয়ে জিহাদ, সন্ত্রাস, নারী অধিকার সম্পর্কে প্রশ্নের উত্তর জানতে আমন্ত্রণ জানানো হয়। অথবা বিনামূল্যে আল কোরআন পেতে ওর্ডার নেয়া হয়।
নাঈম বেগ জানান, অনেক মানুষ তালেবান মেয়েদের স্কুলে না যেতে দেয়া অথবা সৌদি আরবের নারীদেরকে গাড়ি চালাতে না দেয়ার বিষয়ে জানতে চায়। আবার কিছু মানুষ বিভিন্ন সমাজে সংস্কৃতির নামে যে ইসলাম বিরোধী ঘটনা ঘটছে সেগুলো সম্পর্কেও শুনতে চান।
শিক্ষা, সমাজসেবা এবং প্রচারের মাধ্যমে ধর্মবিশ্বাস বৃদ্ধি করতে সহায়তা করে এই ইসলামিক সার্কেল অব নর্থ আমেরিকা।
সংস্থাটি ‘WhoisMuhammad’ নামক একটি বৃহত্তর প্রচারাভিযানের অংশ হিসেবে এসব বিলবোর্ড তৈরি করেছে। এছাড়াও সংস্থাটি বিভিন্ন শিক্ষামূলক ভিডিও, তথ্যকেন্দ্র, আন্তঃধর্মীয় সেমিনার এবং বিভিন্ন শহর ও কলেজ ক্যাম্পাসে প্রচারভিযান চালায়।
ভিডিও লিংক:
এএইচ





