ইরান দেশে তৈরি দু’টি অত্যাধুনিক রাডার ব্যবস্থার উদ্বোধন করেছে। দু’টি রাডারই স্টিলথ বিমান ও দূরবর্তী লক্ষ্যবস্তুকে শনাক্ত করতে সক্ষম। সোমবার জাতীয় বিমান প্রতিরক্ষা দিবস উপলক্ষে শীর্ষ সামরিক কমান্ডারদের উপস্থিতিতে এসব রাডার উদ্বোধন করা হয়।
রাডার ব্যবস্থা দু’টির নাম দেয়া হয়েছে অরাশ-২ এবং কেইহান। উদ্বোধনী অনুষ্ঠানে খাতামুল আম্বিয়া বিমান প্রতিরক্ষা ঘাঁটির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ফারজাদ ইসমাইলি উপস্থিত ছিলেন।
তিনি বলেছেন, কেইহান হচ্ছে দ্বিমাত্রিক রাডার ব্যবস্থা। এটি প্রচলিত জঙ্গি বিমানের পাশাপাশি স্টিলথ বিমান শনাক্ত করতে পারে। স্টিলথ বিমানগুলো অনেক উঁচু দিয়ে উড়তে পারে। অরাশ-২ রাডার ব্যবস্থাও এক লাখ ফুট উঁচুতে অবস্থানকারী বিমানকেও শনাক্ত করতে পারে।
সম্প্রতি ইরান দেশে তৈরি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘তালাশ-৩’ এর সফল পরীক্ষা চালিয়েছে। আগামী ২২ সেপ্টেম্বর এটি জনসমক্ষে প্রদর্শন করার কথা রয়েছে। সূত্র: আইআরআইবি
ঢাকা, ০২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ





