আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) এশিয়া বিষয়ক পরিচালক তমোকো নিশিমতো রোববার ঢাকায় এসেছেন। রানা প্লাজা ট্র্যাজেডির দুই বছর পূর্তি উপলক্ষে তিনি ঢাকায় এসেছেন।

সফরকালে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী মুজিবুল হক চুন্নু ও প্রবাসী কল্যাণমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে শ্রমিকদের কর্মপরিবেশ বিষয়ে বৈঠক করবেন তমোকো নিশিমতো।

এ ছাড়া শিল্প মালিক ও শ্রমিকদের সংগঠনের নেতাদের সঙ্গে এবং সহযোগিতা সংস্থার প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন তিনি। বাংলাদেশের পোশাকশিল্পের কর্মপরিবেশ নিয়ে একটি সামাজিক সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন তমোকো নিশিমতো।

রানা প্লাজা ট্র্যাজেডির দুই বছর ও বাংলাদেশের পোশাক শিল্পের নিরাপত্তা বিষয়ে একটি উচ্চ পর্যায়ের সংলাপ অনুষ্ঠানেও যোগ দেবেন আইএলওর এশিয়া বিষয়ক পরিচালক।

বাংলাদেশ সরকার ও আইএলও আয়োজিত উচ্চ পর্যায়ের এই সংলাপে যুক্তরাজ্য, কানাডা ও নেদারল্যান্ড সহযোগিতা করবে। সফরকালে তিনি কয়েকটি চামড়া ও পোশাক কারখানা পরিদর্শন করবেন এবং প্রশিক্ষণপ্রাপ্ত প্রতিবন্দী কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন।  

কেএইচ