আফগানিস্তানের কান্দাহার প্রদেশে মার্কিন সামরিক বহরের ওপর তালেবানদের হামলায় দুই মার্কিন সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে তালেবানের দাবি, এতে বহরের সব সেনা নিহত হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশের দান্দ এলাকায় রাস্তার পাশে পেতে রাখা বোমা দিয়ে মার্কিন সামরিক বাহিনীর ওপর হামলা করে তালেবানরা, খবর এপি ও আল-জাজিরা।
মার্কিন সেনাবাহিনীর এক বিবৃতিতে এই কথা জানানো হয়েছে।
আফগানিস্তানে মোতায়েন ন্যাটো সামরিক জোটের একজন মুখপাত্রও এই তথ্য নিশ্চিত করেছেন।
তালেবানদের দাবি, তাদের যোদ্ধারা মার্কিন বাহিনীর ওপর বড় ধরনের হামলা চালিয়েছে। এতে বহরের সব সেনা নিহত হয়েছে বলেও দাবি করেছে তালেবানরা।
তালেবানের মুখপাত্র কারি ইউসুফ আহমাদি এই হামলার দায়িত্ব স্বীকার করেছেন। তিনি বলেন, গাড়িতে থাকা আমেরিকার সব সোনা বোমা বিস্ফোরণে নিহত হয়েছে।
হেরাতপ্রদেশে সম্প্রতি মার্কিন বিমান হামলায় মোল্লা নাঙ্গালাই নামে এক তালেবান কমান্ডার নিহত হন। ওই হামলায় ৬০ জনেরও বেশি বেসামরিক নাগরিকও মারা গেছে।
ধারণা করা হচ্ছে, এর প্রতিশোধ নিতেই তালেবানরা কান্দাহারপ্রদেশে এই হামলা চালায়।
এই পর্যন্ত তালেবানদের হামলায় কমপক্ষে ২ হাজার ৪০০ মার্কিন সেনা নিহত হয়েছেন।
এমবি





