সিরিয়ার ঐতিহাসিক শহর পালমিরায় সিরীয় বাহিনী ও ইসলামিক স্টেটের মধ্যে লড়াইয়ে এক রুশ কমান্ডো নিহত হয়েছেন।

সিরিয়ার লাটাকিয়া ঘাঁটিতে অবস্থানরত রাশিয়ার সামরিক বাহিনী একজন মুখপাত্র জানান, ওই রুশ কমান্ডো সিরিয়ায় রাশিয়ার বিমান হামলার সমন্বয় করছিলেন।এর এক পর্যায়ের আইএস যোদ্ধারা তাকে ঘিরে ফেলে হত্যা করে।

এদিকে পালমিরা শহরে সিরীয় সেনারা প্রবেশ করেছে বলে ভিডিও প্রচার করেছে রাষ্ট্রীয় টেলিভিশন। গত বছরের মে থেকে শহরটি নিয়ন্ত্রণ করছে ইসলামিক স্টেট।

বৃহস্পতিবার প্রচারিত ওই ভিডিও ফুটেজে দেখা যায় সিরিয়ার সেনাবাহিনী ও সাজোয়াঁ যান বিধ্বস্ত শহরটিতে প্রবেশ করছে।

প্রায় এক মাসে আগেই রাশিয়ার জঙ্গিবিমানের সহায়তায় শহরটি দখলের চেষ্টা শুরু করে সরকারি বাহিনী।

যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, শহরটির বাইরে বৃহস্পতিবার লড়াই চলেছে। একদিন আগেই শহরটির উপকণ্ঠে পৌঁছে যায় সরকারি বাহিনী।

গত বছর মে মাসে পালমিরার দখল নিয়ে শহরটির অনেক ‘অনৈসলামিক’ স্থাপনা ধ্বংস করে আইএস।

পাঁচ বছর আগে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে অন্তত ২,৭০,০০০ মানুষ নিহত এবং লাখ লাখ মানুষ প্রতিবেশী দেশগুলো ও ইউরোপে আশ্রয় নিয়েছে।সূত্র: আলজাজিরা

এআই