মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “আমার সঙ্গে সাক্ষাৎ করুন না হলে অন্য ব্যবস্থা নেয়া হবে।”

এই হুমকির মধ্যদিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প চীনের আরও ৩০ হাজার কোটি ডলারের রপ্তানি পণ্যের ওপর বাড়তি শূল্ক আরোপ করার কথা বলেছেন।

চলতি মাসের শেষ দিকে জাপানে শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি-২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের অবকাশে ট্রাম্প চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসার আগ্রহ প্রকাশ করেন।

মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনবিসি’র সঙ্গে এক সাক্ষাৎকারে  ট্রাম্প বলেন, “আশা করি আমরা সাক্ষাৎ করব। তবে সাক্ষাৎ হলেও ভালো, না হলেও ভালো।”

আগামী ২৮ ও ২৯ জুন জাপানের ওসাকা শহরে জি-২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।

ওই সম্মেলনে যদি চীনা প্রেসিডেন্ট বৈঠকে না বসেন তাহলে কী বেইজিংয়ের ওপর নতুন শূল্ক আরোপ করা হবে- এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “হ্যা তাই করা হবে।”

তবে চীনা প্রেসিডেন্ট বৈঠকে না বসলে প্রেসিডেন্ট ট্রাম্প অপমান বোধ করবেন না; তিনি অপমানিত হতে শেখেন নি বলেও মন্তব্য করেন।

গত সপ্তাহে ৩ হাজার কোটি ডলারের বাড়তি শূল্ক আরোপ করার কথা জানিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। পরে তিনি জি-২০ সম্মেলন পর্যন্ত অপেক্ষা করার কথা বলেন।

এমবি