সাম্প্রতিক গাজা আগ্রাসনে অংশ নেয়া তিন ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছে। আগ্রাসনের পর থেকে এসব সেনা মানসিক সমস্যার সম্মুখীন ছিলেন বলে জানা গেছে। সোমবার এ খবর প্রকাশ করেছে ইসরায়েলের পত্রিকা 'মারিভ'। পত্রিকাটির বরাত দিয়ে মঙ্গলবার এ খবর জানিয়েছে প্রেস টিভি।
আত্মহত্যাকারী ওই তিন সেনা এলিট ফোর্স 'গোলানি ব্রিগেড'-এর সদস্য ছিল বলে জানা গেছে। সম্প্রতি গাজায় ৫০ দিনের ইসরায়েলি আগ্রাসনে এই তিন সেনাই অংশ নিয়েছিলেন বলে পত্রিকাটির খবরে জানানো হয়।
তিনজনের মধ্যে দুই জন সেনা গাজা সীমান্ত এলাকায় আত্মহত্যা করে। আরেক সেনা ইসরায়েলির অভ্যন্তরেই আত্মহত্যার পথ বেছে নেয়। তাদের আত্মহত্যার পেছনে মানসিক দুরবস্থাকেই দায়ী করা হচ্ছে। তবে, এ ব্যাপারে ইসরায়েলের সামরিক সূত্র কোন মন্তব্য করতে রাজি হয়নি। তবে, মিলিটারি পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।
গত বছরও ৮ ইসরায়েলি সেনা আত্মহত্যা করে। সেনাবাহিনীর মানসিক স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানিয়েছিল।
উল্লেখ্য, গত জুলাইয়ের ৮ তারিখে ফিলিস্তিনের গাজা উপত্যকায় আগ্রাসন শুরু করে ইসরায়েল। প্রথমে বিমান থেকে লাগাতার হামলা চালানো হলেও পরবর্তীতে স্থল অভিযানও চালায় মধ্যপ্রাচ্যের বিতর্কিত এই দেশটি। ৫০ দিনের এই আগ্রাসনে ২,১৩০ জন ফিলিস্তিনি নিহত হন। নিহতদের মধ্যে ৫৭৮টি শিশু ও ২৬০ জন নারী রয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন প্রায় ১১,০০০ ফিলিস্তিনি।
অন্যদিকে, গাজার প্রতিরোধ যোদ্ধা গোষ্ঠী হামাসের প্রতিরোধে ইসরায়েলের অন্তত ৭০ জন সেনা নিহত হয়। নিহতের এই সংখ্যা ইসরায়েল স্বীকার করেছে। তবে, নিহত সেনার প্রকৃত সংখ্যা দেড় শতাধিক বলে হামাস দাবি করেছে। সূত্র: প্রেস টিভি
ঢাকা, ৩০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ





