সৌদি আরবে ১২ ধরনের কাজে বিদেশি কর্মী নিয়োগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আবার ওমানেও ৮৭ ধরনের কাজে একই ধরনের নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি।
এসব কাজে ওই দুই দেশের নাগরিকরা নিয়োগ পাবেন। সৌদি আরবের এ নিষেধাজ্ঞা আগামী ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সৌদি আরব ও ওমান সরকারের এমন ঘোষণার কারণে দেশ দু’টিতে প্রবাসীদের জন্য শ্রমবাজার আরও সংকুচিত হবে।
সৌদি সরকারের ঘোষিত আদেশে বলা হয়েছে, ঘড়ি, চশমা, হাসপাতাল সামগ্রী, বৈদ্যুতিক যন্ত্রপাতি ও বিদ্যুৎচালিত সামগ্রী, গাড়ির যন্ত্রাংশ, আবাসন উপকরণ, কার্পেট, গাড়ি ও মোটরসাইকেল, গৃহ ও অফিস আসবাবপত্র, বাচ্চাদের কাপড়, পুরুষদের আনুষঙ্গিক জিনিস, গৃহস্থালির তৈজসপত্র ও কনফেকশনারির দোকানে প্রবাসীরা কাজ করতে পারবেন না।
এ ধরনের কাজ সৌদি নাগরিকদের জন্য সংরক্ষিত থাকবে। সৌদিকরণের ধারাবাহিকতায় এই ১২ রকমের দোকানে শুধুমাত্র সৌদি নাগরিকরাই কাজ করতে পারবেন। এই নিয়মের ব্যত্যয় হলে ভঙ্গকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে দেশটির সরকার।
এদিকে ওমান সরকার তাদের তথ্য ও প্রযুক্তি বিভাগের বিভিন্ন কাজ’সহ ৮৭টি কাজে বিদেশিদের নিয়োগে নিষেধাজ্ঞা দিয়েছে।
নিষেধাজ্ঞায় বলা হয়েছে, ইলেকট্রনিক্স টেকনিশিয়ান (টেলিকম), ইলেকট্রনিক্স টেকনিশিয়ান (কন্ট্রোল ইন্সট্রুমেন্ট), কম্পিউটার ইঞ্জিনিয়ার ও কম্পিউটার অপারেটর’সহ ৮৭টি কাজে ওমানের নাগরিকদের নিয়োগ দিতে হবে। এর ব্যত্যয় হলে ব্যবস্থা নেবে ওমান সরকার।
এমবি





