সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৭ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত নিরাপত্তা বাহিনী ও বিভিন্ন সরকারি সংস্থার যৌথ অভিযানে মোট ১৪ হাজার ১৬৫ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের মধ্যে ৭ হাজার ১২১ জন আবাসিক আইন লঙ্ঘনের অভিযোগে, ৩ হাজার ৬৩৬ জন অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টায় এবং ৩ হাজার ৪০৮ জন শ্রমসংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে আটক হন।
এ ছাড়া সৌদিতে প্রবেশের চেষ্টা করার সময় প্রতিবেশী দেশগুলোতে আরও ১ হাজার ৩১৫ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ৫৮ শতাংশ ইথিওপিয়ার, ৪১ শতাংশ ইয়েমেনের এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।
কর্তৃপক্ষ জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে ১২ হাজার ৩৬৩ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। আরও ১৮ হাজার ৯৩৭ জনকে প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য তাদের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। পাশাপাশি ৩ হাজার ২৪০ জনকে দেশে ফেরার জন্য ভ্রমণ সংরক্ষণ সম্পন্ন করার প্রক্রিয়ায় পাঠানো হয়েছে।
অবৈধভাবে সৌদিতে প্রবেশ করা কোনো ব্যক্তিকে পরিবহন, আশ্রয় বা অন্য কোনো ধরনের সহায়তা দিলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে বলে সতর্ক করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের অপরাধে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড ও ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। একই সঙ্গে অপরাধে ব্যবহৃত যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধানও রয়েছে।
সন্দেহজনক অভিবাসন বা আইন লঙ্ঘনের ঘটনা সম্পর্কে তথ্য দিতে মক্কা ও রিয়াদ অঞ্চলের বাসিন্দাদের ৯১১ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। দেশটির অন্যান্য অঞ্চলের জন্য ৯৯৯ অথবা ৯৯৬ নম্বরে ফোন করে অভিযোগ জানানোর আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
সূত্র: গালফ নিউজ
এস