মোহাম্মদ আল-আরিয়ান, একজন বিশিষ্ট ব্রিটিশ বিনিয়োগকারী। বিশ্বের বৃহত্তম বন্ড ব্যবসা প্রতিষ্ঠান 'পিমকো'র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদ থেকে গত জানুয়ারিতে পদত্যাগ করেন তিনি।
এতদিন সবাই জানতেন চাকরি ছাড়ার কারণ হচ্ছে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা বিল গ্রসের সঙ্গে সম্পর্কের তিক্ততা। কিন্তু এখন তিনি জানালেন, বিল গ্রসের সঙ্গে সম্পর্কের তিক্ততা নয়, বরং তার ১০ বছর বয়সী মেয়ের কিছু অভিযোগের ভিত্তিতেই তিনি চাকরি ছেড়ে দিয়েছেন।
মোহাম্মদ আল-আরিয়ান জানান, বছর খানেক আগে তিনি তার মেয়েকে দাঁত ব্রাশ করতে বলেন। কিন্তু বারবার বলার পরও সে ব্রাশ করতো না। এমনকি তিনি এ নিয়ে মেয়েকে কড়াভাবেও বলেন। কিন্তু কাজ হচ্ছিল না। এক পর্যায়ে একদিন দাঁত ব্রাশের কথা বললে মেয়ে তার রুমে দৌড়ে যায়। সেখান থেকে কিছুক্ষণ পরে একটি কাগজের টুকরো নিয়ে আসে।
কাগজে লেখা ছিল ২২টি অভিযোগ, সবগুলোই হচ্ছে বাবার প্রতি অভিমানী মেয়ের অভিযোগ। অভিযোগগুলোর মধ্যে ছিল, তার প্রথম স্কুলের দিন তার সঙ্গে স্কুলে না যাওয়া, স্কুলে তার ফুটবল খেলার দিনে না যাওয়া, স্কুলে অভিভাবক সমাবেশে না থাকা ইত্যাদি।
মেয়ের অভিযোগের বিষয়গুলো বেশ ভালোভাবেই নাড়া দেয় ব্যবসায়ীক গুরুত্বপূর্ণ ব্যক্তি আল-আরিয়ানকে। তিনি সেদিনই অফিসে গিয়ে পদত্যাগ করে আসেন। সেদিন আগেভাগেই অফিস থেকে ফেরেন আরিয়ান। তিনি পরিবারকে সেদিন অনেক সময় দেন। কিন্তু সেদিন কেউ জানতো না তিনি চাকরিটা ছেড়ে দিয়েছেন।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক বিশ্বের বৃহত্তম বন্ড প্রতিষ্ঠান 'পিমকো'র চাকরি ছেড়ে তিনি একটি পার্টটাইম চাকুরী খুঁজতে থাকেন। বর্তমানে তিনি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার গ্লোবাল ডেভেলপমেন্ট কাউন্সিলের প্রধান। যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া আল-আরিয়ান বেড়ে উঠেছেন মিশরে। তবে, এরপর তিনি ইংল্যান্ডে পড়াশোনা করেন। সূত্র: বিবিসি
ঢাকা, ২৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ





